News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রিপেইড মিটার বাতিল দাবিতে গণপ্রতিরোধের ডাক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৭:২১ পিএম প্রিপেইড মিটার বাতিল দাবিতে গণপ্রতিরোধের ডাক

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

মঙ্গলবার ২৫ আগস্ট সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকায় পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।

গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবেনা। যেসব এলাকায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের উপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেয়ার চেষ্টা করলে এর পরিণতি ভাল হবেনা। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করলে ভবিষ্যতে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে। 

দুপুর পৌনে ১ টার দিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম। 

এসময় এমপি এডভোকেট আবুল কালাম বলেন, আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা কররো। আশা করবো আলোচনার মাধ্যমে আপনাদের দাবির বিষয়টি সমাধান হবে।