News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৯:২২ পিএম সিদ্ধিরগঞ্জে সজীব হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। রোববার ৩০ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে ফতুল্লা থানাধীন নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় র‌্যাব-১১ সদর কোম্পানি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি মাইকেল (৪৫) ও তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২২)।

র‌্যাব জানায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় সজীব নামে এক পরিবহন শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালে পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাইকেল, তার ছেলে আপনসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল সজীবের ওপর হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলায় গুরুতর আহত সজীবকে স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সজীবের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১১। র‌্যাবের দাবি, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামি মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।