News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জে ইটভাটা পরিচালনায় মালিকদের ৬ নির্দেশনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৯:০৭ পিএম নারায়ণগঞ্জে ইটভাটা পরিচালনায় মালিকদের ৬ নির্দেশনা

নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে মুছাপুর ইউনিয়নের ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অবৈধভাবে যেন কোনো ইটভাটা পরিচালনা না করা হয় সেজন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সেই সাথে সভায় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে ইটভাটা মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯" মোতাবেক সকল ইটভাটা পরিচালনা করতে হবে। আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। ইটভাটায় কোনভাবেই কাঠ বা কাঠজাতীয় পদার্থ জ্বালানী হিসেবে ব্যবহার করা যাবে না। যে সকল ইটভাটার অনুকূলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে, সেসকল ইটভাটার অনুকূলে প্রদত্ত ছাড়পত্রের মেয়াদ উত্তীণের ১ মাস পূর্বে নবায়নের আবেদন দাখিল করতে হবে। সকল ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স এবং মাটি সংগ্রহের অনুমোদন গ্রহণপূর্বক পরিচালনা করতে হবে। ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য বিষয়সমূহ আইন অনুযায়ী পরিচালনা করতে হবে।

মতবিনিময় বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। সেই সাথে ইটভাটার মালিকদের মধ্যে বক্তব্য প্রদান করেন মো. শরীফ হোসেন, মো. রিপন মিয়া, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন ও মো. কবির হোসেন প্রমুখ।