News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মাদক নির্মূলে ১নং ওয়ার্ডে ঐক্যের ডাক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৯:০৫ পিএম মাদক নির্মূলে ১নং ওয়ার্ডে ঐক্যের ডাক

যুবসমাজ রক্ষায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডস্থ মিজমিজি পূর্বপাড়ার বাসিন্দারা মাদক বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন।

প্রশাসনের সহায়তায় তারা মাদক নির্মূলের অঙ্গীকার করেছেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে পূর্বপাড়ার সচেতন মহলের উদ্যোগে মতবিনিময়ের মাধ্যমে এ ডাক দেওয়া হয়।

মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষার জন্যে স্থানীয় সচেতন নাগরিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের উপস্থিতিতে মিজমিজি পূর্বপাড়া এলাকার মানুষেরা মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছেন।

স্থানীয় বাসিন্দা হাজ্বী ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক আকাশের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিতরা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিভিন্ন বাস্তবতা ও পরবর্তী করনীয় তুলে ধরতে দেখা গেছে।

মতবিনিময় সভায় উপস্থিত হয়ে ১নং ওয়ার্ডের সচিবের দায়িত্বে থাকা রাকিবুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে যৌথবাহিনীর সহযোগিতায় আমরা এই ওয়ার্ডে নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান রেখেছি। ইনশাআল্লাহ এ এলাকায়ও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে যুবসমাজকে  রক্ষার উদ্যোগ গ্রহণ করলাম। এখন থেকে থানা পুলিশের সহায়কের ভূমিকায় আমরা কাজ করে যাবো। তবে আমাদের সর্তক থাকতে হবে যেনো আইন কেউ নিজের হাতে তুলে না নেই।

মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা বলেন, বর্তমানে এই এলাকার প্রতিটি অলিগলিতে হাত বাড়ালেই নির্বিঘ্নে মাদক পাওয়া যাচ্ছে। কারবারিদের কারণে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছেন। তাই আজ হতে পুলিশের সাহায্যকারী হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলের দায়িত্ব নিলাম। নির্মূলের করতে গিয়ে যদি আমার আপন ভাই কিংবা স্বজনরাও এ তালিকায় পড়ে সেক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

ওয়ার্ড বিএনপি নেতা ফজলু খান বলেন, আওয়ামী লীগ আমলে আওয়ামী নেতাকর্মীদের ছত্রছায় যারা মাদকের কারবার করতো বর্তমানে ওইসব মাদক কারবারিরাই বিএনপির মুষ্টিমেয় কিছু নেতার ছত্রছায় কারবার পরিচালনা করে যাচ্ছে। আমাদের অলিগলিতে হাটা যায় না মাদক কারবারি আর ছিনতাইকারীদের জন্য। আমরা ঐক্যবদ্ধ হলে এসব বন্ধ করা সম্ভব। তাই আমরা আজ হতে এদের নির্মলের জন্য একত্রিত হলাম।

হাজ্বী ইসহাক মিয়া বলেন, আজ হতে আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে যাবো। প্রয়োজনে কারবারিদের ধরে ধরে আমরা পুলিশের কাছে হস্তান্তর করবো। এটা আমাদের অঙ্গীকার।

সভায় ১নং ওয়ার্ডের বিট পুলিশের দায়িত্ব থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ ও শামীম রেজা উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তা কামনা করেন।

এস আই শামীম রেজা বলেন, আমরা নিয়মিত এই ওয়ার্ডের মাদক কারবারিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে যাচ্ছি। আমাদের ওসি স্যার মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার নির্দেশনা মোতাবেক মাদক নির্মূলে আমরা সচেষ্ট রয়েছে। তবে এক্ষেত্রে আমাদের আপনাদের সহযোগিতা অতি বেশি প্রয়োজন। আমরা প্রত্যাশা করি আজকের পর থেকে আপনারা আমাদেরকে মাদক কারবারি ও সেবনকারীদরে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

এসআই মো. ওলিউল্লাহ বলেন, গত ১৮ মাস ধরে আমি এ থানায় কর্মরত থেকে এ এলাকাসহ সিদ্ধিরগঞ্জের অসংখ্য চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছি। কোনো কোনো কারবারিকে ৮-১০ বারও গ্রেফতার করি। আপনাদের সহযোগিতা থাকলে আমি ঘোষণা করছি যে এ এলাকাকে মাদক মুক্ত করবো। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, মাদকের কারবারিরা ভয়ংকর হবার সুবাদে আপনাদের যদি ঝুঁকি অনুভব হয় তাহলে প্রয়োজনে আপনারা গোপনে আমাদেরকে তথ্য দিন। কথা দিচ্ছি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের সর্বদা পাশে পাবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা জিতু,শাহেদুল ইসলাম,স্থানীয় বাসিন্দা ডাক্তার মিজানুর রহমান, শেখ জামাল, শফিকুল ইসলাম, হাবিব ডাক্তার, বিল্লাল হোসেন, সজল, শাকিল শাওন, মুন্না, কালাম, শেখ ফরিদ, ছোট শাকিল ও সাব্বির প্রমুখ।