নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রায় ৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা বিভাগ।
রোববার ৩০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে বিপুল পরিমাণ এ ভ্যাট ফাঁকি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেডে অভিযান চালায় নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। ওই সময় প্রতিষ্ঠানটির বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়। এসব নথিপত্র পর্যালোচনা করে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য পেয়েছে ভ্যাট গোয়েন্দা বিভাগ।
সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশে তথ্য গোপন রেখে এ প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইজিবাইক, রিকশা এবং অটো-ভ্যানের জন্য ড্রাই ও ওয়াটার ব্যাটারি প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠানটির মূল কারখানাটি রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় অবস্থিত।
যোগাযোগের জন্য কারখানাটির নিজস্ব ফেসবুক পেজে দেওয়া দু’টি মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও কেউ তা রিসিভ করেননি।





































আপনার মতামত লিখুন :