News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

দুপুরে সংযোগ বিচ্ছিন্ন সন্ধ্যায় হকার বহাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ১০:০৭ পিএম দুপুরে সংযোগ বিচ্ছিন্ন সন্ধ্যায় হকার বহাল

নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা প্রশাসন নানামুখী পদক্ষেপ নিলেও তাতে কোন কাজ হচ্ছেনা। হকার পুর্নবাসনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিলেও সেটা বাস্তবায়ন হচ্ছেনা। নাসিক কর্তৃপক্ষ হকারদের তালিকা তৈরী করলেও সেটা মানতে নারাজ দখলদার হকাররা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ছবি পোস্টের পরে রোববার দুপুরে বিবি রোডে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ডিপিডিসি কর্তৃপক্ষ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালায়। তবে সন্ধ্যার পরেই বিবি রোডে হকারদের বসতে দেখা যায়। এমনকি তাদের দোকানগুলোতে বিদ্যুতের সংযোগও দেখা গেছে। 

জানা গেছে, দীর্ঘ দেড় দশক ধরে হকারদের কাছে যেন অসহায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। বিগত সরকারের আমলে নাসিকের মেয়রসহ উচ্ছেদকারী টিমের উপর প্রাণঘাতি হামলা চালিয়েছিল হকাররা। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময়েও ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছিল হকাররা। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরেও বদলায়নি হকাররা। বরং পট পরিবর্তনের পরেও এখনো বেপরোয়া হকাররা। পূর্বে হকাররা শ্রমিকলীগের সাইনবোর্ড ব্যবহার করলেও এখন তারা ব্যবহার করছে শ্রমিকদলের সাইনবোর্ড। ৪ মাস আগে নাসিক কর্তৃপক্ষ ঢাকঢোল পিটিয়ে হকার উচ্ছেদে নামলেও এখনো শহরের ফুটপাত দখলমুক্ত করতে পারেনি। চলতি বছরের ১৩ এপ্রিল শহরের সড়ক ও ফুটপাত দখল করে থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ সময় জেলা প্রশাসন, পুলিশসহ রাজনৈতিক নেতারাও ছিলেন অভিযানে। তবে গত কয়েকদিনের ব্যবধানেই আবারও ফুটপাত দখলে নেয় হকাররা। গত ৪ মে নাসিকের হকার উচ্ছেদ অভিযানের সময় কর্মচারীদের ওপর হামলা করে ফুটপাতের হকাররা। এ সময় দুই কর্মচারীসহ অন্তত পাঁচজন আহত হন বলে অভিযোগ করেন নাসিকের উচ্ছেদ কর্মীরা। ৫ মে হকার উচ্ছেদ অভিযানে নাসিক কর্মীদের ওপর হামলায় ১০ জন হকারের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে নগর কর্তৃপক্ষ। নাসিকের আইন কর্মকর্তা ‍মুহাম্মদ মিজানুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এরপর ৮ জুন আবারো শহরে নাসিকের উচ্ছেদকারী টিমের সঙ্গে হকারদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সর্বশেষ ২৪ আগষ্ট সোমবার বিকালে বিবি রোডে হকার উচ্ছেদ করা হলেও সন্ধ্যার পর থেকে ফের ফুটপাত দখল করে নেয় হকাররা। এ অভিযোগে সিটি কর্পোরেশনের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নিদের্শে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাকির সুপার মার্কেটের সামনে হকার উচ্ছেদ অভিযান চালায়। এ সময় হকাররা সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিমের সাথে ধস্তাধস্তি করে জানান উচ্ছেদ টিমের প্রধান সম্রাট হাসান সুজন। পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিমকে ঘটনাস্থল ত্যাগ করে দেন ৪ মাসের ব্যবধানে নাসিকের উচ্ছেদকারী টিমের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটলেও অদ্যাবধি কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হকারদের ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে পোষ্ট এর পরে ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নাসিক ও ডিপিডিসি কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। তবে রাতে ফুটপাতে তাদের সকলকেই বসতে দেখা গেছে। এমনকি তাদের দোকানগুলোতে ঠিকই লাইট জ¦লতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে গডফাদার শামীম ওসমানের নির্দেশে সন্ত্রাসীদের সঙ্গে ধারালো অস্ত্র ও লাঠিসোটা হাতে অবস্থান নিয়েছিল ফুটপাত দখলকারী এসব হকাররা। জুলাই গণঅভ্যুত্থানের পরে হকার শ্রমিকলীগ নেতা রহিম মুন্সি ও আসাদসহ কয়েকজন মামলার আসামী হয়ে পলাতক থাকে। তবে কিছুদিনের ব্যবধানে আবারো হকাররা সড়কের ফুটপাত দখল করে নেয়। বহাল থাকে হকার শ্রমিকলীগ নেতা রহিম মুন্সি ও আসাদের দোকানসহ পলাতকদের দোকান। তবে রহিম মুন্সি ও আসাদের স্থান দখল করে নেয় নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার দলের সভাপতি মিজানুর রহমান রনিসহ কয়েকজন। আর তাদেরকে নেপথ্যে শেল্টার দেয়ার অভিযোগ রয়েছে মহানগর বিএনপির একজন শীর্ষ নেতার বিরুদ্ধে।