News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মোবাইল আসক্তি থেকে বের হয়ে বইয়ে মনোযোগী হওয়ার পরামর্শ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৯:২২ পিএম মোবাইল আসক্তি থেকে বের হয়ে বইয়ে মনোযোগী হওয়ার পরামর্শ

সামাজিক সংগঠন সমাধান-১৮ এর উদ্যোগে এস.এস.সি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার ২৪ আগস্ট বিকেল নগরীর শীতলক্ষ্যা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি আল আরিফ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান আলোচক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। তারা এখন পাঠ্যপুস্তকের বাইরে কোন বই পড়তে চায়না। তাদের উচিত মোবাইল আসক্তি থেকে বের হয়ে বইয়ের প্রতি মনোযোগী হওয়া। দেশতো আগামীতে তোমারাই এগিয়ে নিয়ে যাবে। তোমাদের মধ্য থেকে এমপি, মেয়র, মন্ত্রী প্রধানমন্ত্রী হবে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের জন্য সব থেকে বেশি বরাদ্দ দিয়েছে। তাই তোমাদের উচিত শিক্ষায় মনোযোগী হওয়া। সেই বাজেটকে কাজে লাগানো তোমরা যদি শিক্ষার প্রতি মনোযোগী না হও তাহলে সেই বাজেট তো কাজে আসবেনা। বইয়ের শিক্ষার পাশাপাশি তোমাদেরকে নৈতিক শিক্ষার উন্নতি ঘটাতে হবে। মুরুব্বিদের সম্মান করা, পিতা মাতা শিক্ষকদের সম্মান করা এগুলো নৈতিক শিক্ষা। আগে আমরা মুরুব্বিদের যেভাবে সম্মান করতাম এটা এখন আর সেভাবে দেখা যায়না। তোমাদের সেই নৈতিক শিক্ষার উন্নতি ঘটাতে হবে। তোমরা এখন যেভাবে পথ চলবে আগামীতে তোমাদের সন্তানরাই সেই পথ অনুসরণ করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মাসুদ রানা, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, সমমনা এর নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, আটা ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী, নবযাত্রা সামাজিক সেবামূলক সংগঠন এর সভাপতি শাহজালাল সরদার, কমিউনিটি পুলিশিং গোগনগর ইউনিয়নের সভাপতি আখতার হোসেন, সমাজসেবক আহমেদুল হোসাইন, নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের সভাপতি জিয়াউল হাসান নাঈম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা।