নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে জেলার সদর উপজেলার আল আমিন নগর এবং সৈয়দপুর এলাকায় বাজার অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানকালে আল আমিন নগর এলাকায় “বউ জামাই সুইটস এন্ড চানাচুর” নামে একটি খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোড়কজাতকরণ বিধি লঙ্ঘন করা, অবাধে পোষা প্রাণীর বিচরণ, অপরিচ্ছন্ন অবস্থায় কর্মীরা খালি পায়ে পণ্য প্রস্তুতকরণ, পণ্য প্যাকেটজাতকরণ সহ অনুমোদনহীন রঙ ব্যবহারের মাধ্যমে অবৈধ পক্রিয়ায় পণ্য উৎপাদন এর চিত্র পাওয়া যায়। যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী অপরাধ। সেই সাথে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তিনি আরও বলেন, এসময়ে এই প্রতিষ্ঠানটির অনুমোদনহীন রঙ তাৎক্ষণিক ধ্বংস করা হয়। সেই সাথে প্রতিষ্ঠান টিকে আগামী সাত দিনের মধ্যে গুড ম্যানুফ্যাকচারিং নীতি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে সৈয়দপুর এলাকায় অবস্থিত “লাইফ এগ্রো ফুড” নামে একটি প্রতিষ্ঠানকে মোয়কজাতকরণ বিধি লঙ্ঘন করার দায়ে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাককে।
অভিযানের সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক শরীফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট এর একটি চৌকস টিম।

































আপনার মতামত লিখুন :