News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের নিয়ে সদর উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১০:১১ পিএম স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের নিয়ে সদর উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম

সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত স্বেচ্ছাসেবী দলকে নিয়ে আজ ব্যাপকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। এসব দলের সদস্যরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, পানি জমে থাকা স্থান চিহ্নিতকরণ এবং পরিচ্ছন্নতার বিষয়ে সহপাঠীদের সচেতন করতে কাজ করছে।

শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা বিষয়ে দায়িত্বশীল করে গড়ে তোলা এবং ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রতি মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয় এবং প্রতি বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হচ্ছে পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যের বিষয়ে সচেতনতা। প্রশাসনের প্রত্যাশা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ ধীরে ধীরে পুরো সমাজে পরিচ্ছন্নতা ও সচেতনতার একটি ইতিবাচক আন্দোলনে রূপ নেবে।