ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ অংশে এবার বাতি চুরির ঘটনা ঘটেছে। অধিকাং ল্যাম্পপোস্টে নেই বাতি। সম্প্রতি সাংবাদিক নেতা আফজাল হোসেন পন্টির এক ভিডিওতে বিষয়টি তুলে ধরা হয়।
রাজধানী ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কে বিপুল অর্থ ব্যয়ের পরও নিরাপত্তা মিলছে না। কয়েক বছর আগে এই সড়কে সড়কবাতি ও সাইন সিগন্যাল স্থাপনে ব্যয় হয় ১৬ কোটি টাকা। কিন্তু বাস্তব চিত্র বলছে, প্রকল্পের বড় অংশ এখন কার্যত অকার্যকর।
সম্প্রতি এক রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইনবোর্ড হতে চাষাঢ়া পর্যন্ত সড়কে নেই সড়ক বাতি। রাত হলেই নেমে আসে অন্ধকার। আগে লোকজন তার চুরি করে নিয়ে যেত। এখন বাতিও চুরি করে নিয়ে যাচ্ছে। সড়কের মাঝখানে ল্যাম্পপোস্ট থাকলেও অধিকাংশ স্থানে বাতি জ্বলে না।
এছাড়া লিংক রোডের উভয় পাশে রপ্তানিমুখী গার্মেন্টসসহ নানা শিল্প কারখানা গড়ে উঠেছে। যে কারণে লিংক রোডটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। কিন্তু সড়কবাতি না থাকায় রাতের বেলায় সড়কটিতে যাতায়াত বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় ইজিবাইক চালকরা এ সড়কে সবচেয়ে বেশি ছিনতাইয়ের শিকার হন। বেশ কয়েকটি বাস ডাকাতির ঘটনাও ঘটেছে এখানে। স্থানীয়দের অভিযোগ, সড়কবাতির মূল বৈদ্যুতিক তার বারবার চুরি হয়ে যাওয়ায় পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে।



































আপনার মতামত লিখুন :