News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ফিরতে পারে নারায়ণগঞ্জ নদী বন্দরের ঐতিহ্য


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:১৯ পিএম ফিরতে পারে নারায়ণগঞ্জ নদী বন্দরের ঐতিহ্য

একসময় দেশের অন্যতম ব্যস্ত ও জমজমাট নৌবন্দর ছিল নারায়ণগঞ্জ নদীবন্দর। এ বন্দর থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে নিয়মিত ছেড়ে যেত যাত্রীবাহী লঞ্চ। নদীপথে যাত্রী পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এই বন্দর। সময়ের বিবর্তনে হারিয়ে গেছে সেই জৌলুস ও ঐতিহ্যের অনেকটাই। যাত্রীবাহী নৌযানের জায়গা দখল করেছে পণ্যবাহী জাহাজ। বর্তমানে নারায়ণগঞ্জ থেকে মাত্র চারটি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। সেগুলোও যাত্রী সংকটে ধুঁকছে।

এমন পরিস্থিতিতে নৌপথের ভবিষ্যৎ নিয়ে যখন হতাশায় ভুগছিলেন নৌযান ব্যবসায়ীরা, তখন আশার আলো দেখালেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার নারায়ণগঞ্জের কাচপুরে তিনি নারায়ণগঞ্জ থেকে ভোলা রুটে সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন করেন।

এ সময় তিনি নারায়ণগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন নৌরুটে ওয়াটার বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথাও জানান। তার এমন ঘোষণায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সড়ক পথের যানজট এড়িয়ে স্বল্প সময়ে যাতায়াতের সুযোগ সৃষ্টি হলে নৌপথে যাত্রীদের আগ্রহ বাড়বে।

সংশ্লিষ্টরা বলছেন, নারায়ণগঞ্জ থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একসময় নদীপথই ছিল যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, যাত্রীবাহী নৌযানের সংখ্যা কমে যাওয়া এবং নৌরুট গুলোর প্রয়োজনীয় উন্নয়ন না হওয়ায় ধীরে ধীরে কমতে থাকে যাত্রী পরিবহন। ফলে একসময়ের ব্যস্ত নদী বন্দরটি এখন অনেকটাই পণ্যবাহী নৌযান নির্ভর হয়ে পড়েছে।

বর্তমানে মাত্র চারটি রুটে লঞ্চ চলাচল করলেও যাত্রী সংকটের কারণে এসব রুটের ব্যবসায়ীরাও নানা সংকটে রয়েছেন। নতুন করে ভোলা রুটে সরাসরি ফেরি সার্ভিস চালু হওয়ায় নারায়ণগঞ্জের সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌ-যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।

নৌ-পরিবহন খাতসংশ্লিষ্টরা মনে করছেন, ওয়াটার বাস সার্ভিস চালু হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে সড়কপথের যানজট কমিয়ে কর্মজীবী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ ও স্বস্তিদায়ক হতে পারে। বিশেষত নারায়ণগঞ্জ থেকে রূপগঞ্জের কাঞ্চন এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা, গাজীপুর রুটে ওয়াটার বাস চলাচল করলে যানজট থেকে মুক্তি পাবে মানুষ। তার আগে জরুরি এই অঞ্চলের নৌপথকে অনেক বেশি জনপ্রিয় করে তোলা এবং নিরাপত্তা প্রদান করা।

নৌযান ব্যবসায়ীরা বলছেন, নতুন নতুন নৌরুট চালু, আধুনিক যাত্রীসেবা নিশ্চিত এবং ওয়াটার বাস প্রকল্প বাস্তবায়ন হলে আবারও প্রাণ ফিরে পাবে নারায়ণগঞ্জ নদীবন্দর। একসময়কার সেই জৌলুস ও ঐতিহ্যও ফিরে পেতে পারে দেশের প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই নদীবন্দর।