News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁ পৌরসভা সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে যান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:২৩ পিএম সোনারগাঁ পৌরসভা সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে যান

দীর্ঘদিন ধরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও যাদুঘর) মেইন গেট থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ টিপরদি সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে বেহাল। এ অবস্থায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটক, এলাকাবাসী, ছাত্র-ছাত্রীসহ নারী ও শিশুদের।

প্রায় ২ বছর আগে সড়কটি নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করা হলেও ভারি যানবাহনের কারণে বর্তমানে সড়কের খোয়া উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ হলেও পৌরসভা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। 

সরেজমিনে দেখা গেছে, সোনারগাঁও যাদুঘরের ১নং গেটের সড়ক থেকে ৬১নং তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। বিশেষ করে ইছাপাড়া বায়তুল আকসা জামে মসজিদের সামনের অংশে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণভাবে যানচলাচল করছে। যানবাহনে যাতায়াত ছাড়াও পায়ে হাঁটা মানুষেরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষি অফিস, ভূমি অফিস, সোনারগাঁ থানা, ব্যাংক-বীমা অফিস, স্কুল-কলেজ, সরকারী-বেসরকারী অফিসসহ অসংখ্য প্রতিষ্ঠানের লোকজন এবং বিভিন্ন কম্পানির ভারি যানবাহনসহ এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকহাজার মানুষ যাতায়াত করে থাকে।

সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের ছাত্রী এবারের এসএসসি পরীক্ষার্থী সুকন্যা আক্তার মম বলেন, প্রতিদিন এই ভাঙ্গা সড়ক দিয়ে ভয় আর আতঙ্কের মধ্যে স্কুলে যেতাম। বিকল্প রাস্তা না থাকায় এসএসসি পরীক্ষাও দিতে যেতে হচ্ছে এই সড়ক দিয়ে। সড়কটি দ্রুত ঠিক করা প্রয়োজন। 

স্থানীয় বাসিন্দা ফরিদ হোসেন বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে সোনারগাঁ যাদুঘর। আর এই যাদুঘরের প্রধান সড়কের এমন বেহাল অবস্থা খুবই দুঃখ ও লজ্জাজনক।

অটোরিক্সা চালক জাহাঙ্গীর হোসেন বলেন, এমন খারাপ সড়ক আর কোন জায়গায়ই নাই। শুধুমাত্র সড়কে গর্তের কারণে যাত্রি পেয়েও এই সড়ক দিয়ে আসা যাওয়া করিনা।

সোনারগাঁ পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী ও সমাজসেবক শাহাদাত হোসেন লিটু বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সড়টি দ্রুত সংস্কার করা হয়। 

ইছাপাড়া বায়তুল আকসা জামে মসজিদের সহ-সভাপতি মো. সেলিম হোসাইন বলেন, মসজিদের সামনের সড়কটিতে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় কাদা পানি জমে থাকে। এলাকার মুসল্লিদের কাদা পানি মাড়িয়ে মসজিদে যেতে হয়। তাই কর্তৃপক্ষের প্রতি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, যাদুঘরের এই রাস্তাটি খুব দ্রুত মেরামত করা প্রয়োজন। রাস্তাটি ঠিক হলে সোনারগাঁয়ে ঘুরতে আসা দর্শনার্থীসহ এলাকাবাসীদের জন্য ভালো হবে। 

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সোনারগাঁ পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন, সড়কটি দেখেছি খুবই বেহাল অবস্থা, গুরুত্বপূর্ণ এই সড়কটি খুব দ্রুত সংস্কার করা হবে।