News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

জেলা ইসলামী ছাত্র মজলিসের শিক্ষা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:৪৯ পিএম জেলা ইসলামী ছাত্র মজলিসের শিক্ষা সভা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৪ জুলাই শুক্রবার জেলা কার্যালয়ে নির্ধারিত কর্মী ভাইদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি আনাস আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রায়হান আলী বলেন, একজন কর্মীর প্রকৃত শক্তি তার আদর্শিক দৃঢ়তা, ইলম, তাকওয়া ও সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে নিহিত। ব্যক্তি গঠন ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি কর্মীকে কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলে নিয়মিত অধ্যয়ন, আত্মসমালোচনা, সাংগঠনিক দায়িত্ব পালনে নিষ্ঠা এবং দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শবান, যোগ্য ও দায়িত্বশীল কর্মীবাহিনী গড়ে তোলাই ছাত্র মজলিসের অন্যতম লক্ষ্য। দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে প্রতিটি কর্মীকে সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী।

জেলার সেক্রেটারি কামরুল হাসান মিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি ও ইসলামী যুব মজলিস জেলা শাখার সভাপতি রিফাত আহমদ সাজিদ,ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন।