নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেলকে বৃহস্পতিবার দিনগত রাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব-১১।
একটি দেশীয় শটগান, ৪ রাউন্ড গুলি, ১৪ টি টেটা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর এলাকার মৃত সাফাতুল্লার পুত্র।
শুক্রবার রাতে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় রাসেল আহমেদ দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ও সহিংস সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসত। পিরোজপুর ইউনিয়নের পাঁচানী ও আশপাশের এলাকায় নতুন গড়ে ওঠা শিল্পকারখানা, ড্রেজিং ও আবাসন প্রকল্পগুলোতে আধিপত্য বিস্তারের মূল চেষ্টা থাকত এই বাহিনীর। ইট, বালু সরবরাহ, স্ক্র্যাপ বা ঝুট ব্যবসা এবং নির্মাণকাজের একক নিয়ন্ত্রণ নিতে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করতো তারা। এলাকায় ক্ষমতা প্রদর্শনের জন্য এ বাহিনী প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, টেঁটা, হকিস্টিক নিয়ে মহড়া দিয়ে আসত।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের সাথে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি চালানো, টেঁটাবিদ্ধ করে আহত করা এবং বাড়িঘরে হামলার একাধিক ঘটনা ঘটেছে ইতোমধ্যে। এছাড়া মাদক বা সন্ত্রাস সংক্রান্ত অপরাধের সংবাদ প্রকাশ করলে স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুত্বর আহত করার মত ঘটনাও রয়েছে এ বাহিনীর ।
এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ সন্ত্রাসী রাসেল ও তার সহযোগীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। বৃহস্পতিবার দিনগত রাত ১২ টা ১০ মিনিটের দিকে র্যাব-১১ এবং র্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন পান্থপথ এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদ গ্রেফতার করে।
পরবর্তীতে আসামির দেওয়া তথ্য মতে, সকাল সাড়ে ৫ টার দিকে সোনারগাঁওয়ের কুরবানপুরের আসামির বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি গোডাউনে ভিতর থেকে ১টি দেশীয় শটগান , ৪ রাউন্ড গুলি, ১৪ টি টেটা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এবং ঢাকার বিভিন্ন থানায় অন্তত ১২ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।






































আপনার মতামত লিখুন :