জামায়তে ইসলামী ক্ষমতায় যেতে না পেরে এখন হতাশা থেকে নানা আন্দোলনের হুশিয়ারি দিচ্ছে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
তিনি বলেন, যারা নির্বাচনের আগে ধর্মপ্রাণ মুসলমানদের জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে পায়নি, তারা এখন হতাশা থেকে নানা আন্দোলনের বক্তব্য দিচ্ছে। বিএনপিকে ষড়যন্ত্র করে কখনোই সরানো সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ফতুল্লা ডিআইটি মাঠে থানা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ মানুষকে অনেক আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিল, তারা সেই আশ্বাস পূরণ করতে পারেনি। শেখ মুজিব মানুষের মুখে খাবার দিতে পারেননি। একটুকরো খাবারের জন্য মানুষও কুকুরের সঙ্গে যুদ্ধ করেছে। জিয়াউর রহমান দেশকে সেই অবস্থা থেকে মুক্ত করেছিলেন।
তিনি আরও বলেন, এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সময় ধরে বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। গত ১৭ বছরে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী গুম, খুন, নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন।
জামায়াতের সমালোচনা করে তুহিন বলেন, এখন একটি শক্তি ধর্মের দোহাই দিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না।
তিনি আরও বলেন, ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বড় বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে কৃষক দল সবচেয়ে বেশি কাজ করেছে। গত দুই বছরে কৃষক দলের বিরুদ্ধে বড় ধরনের কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি।”
তিনি বলেন, “আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তবে আমরা আওয়ামী লীগের মতো দুর্নীতি ও টাকা পাচারের সঙ্গে যুক্ত হব না।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ও মামুনুর রশিদ খান এবং সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্যসচিব মীর হোসেন কামাল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি মাসুদ প্রমুখ।
সম্মেলনে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান ও সুমন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন।







































আপনার মতামত লিখুন :