News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীদের সহায়তায় সোনাকান্দা কবরস্থানের মাটি ভরাট সম্পন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:৪৪ পিএম প্রবাসীদের সহায়তায় সোনাকান্দা কবরস্থানের মাটি ভরাট সম্পন্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের প্রাচীনতম সোনাকান্দা কবরস্থানের মাটি ভরাট কাজে আর্থিক সহযোগিতা করায় প্রবাসী ও স্থানীয় দাতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই শুক্রবার বাদ জুম্মা সোনাকান্দা কবরস্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাকান্দা কিল্লা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুনায়েদ আহমেদ ফয়েজী। 

সাম্প্রতিক ঝড়-বৃষ্টির কারণে প্রাচীন এই কবরস্থানের মাটি ধসে দেবে গিয়ে বেশ কিছু কবরের লাশে অংশ বিশেষ দেখা যায় এবং সেখানে এক ভয়াবহ গর্তের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক ও সমাজকর্মী মো. বিল্লাল হোসেন তা পুনরুদ্ধারের উদ্যোগ নেন। তিনি প্রবাসী ও এলাকার দানশীল ব্যক্তিবর্গের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক অনুদান সংগ্রহ করে মাটি কিনে তা ভরাটের কাজ শুরু করেন। দীর্ঘ ২০ দিনের নিরলস প্রচেষ্টায় তিনি কবরস্থানের ধসে পড়া অংশ মাটি দিয়ে সমতল করতে সক্ষম হন। 

উদ্যোগের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সাংবাদিক ও সমাজকর্মী মো. বিল্লাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাংবাদিক ও ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আলম জাহিদ, বিএনপি নেতা জব্বার পাঠান, সোনাকান্দা মদিনা উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মো. রোমান হোসেন, সাংবাদিক জি এম সুমন, শেখ আরিফ, শাহরিয়ার প্রধান ইমন, মো. আকরাম হোসেন, আতিকুর রহমান জুয়েল, সাইফুল ইসলাম, খোরশেদ আলমসহ অন্যান্য মুসল্লীবৃন্দ।

দোয়া শেষে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ধরনের সামাজিক ও ধর্মীয় কাজে সহযোগিতার জন্য সকল প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।