News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

তোলারাম কলেজে সহিংসতায় ছাত্র ফেডারেশনের ক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ১০:২৮ পিএম তোলারাম কলেজে সহিংসতায় ছাত্র ফেডারেশনের ক্ষোভ

‎সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।

‎৫ আগস্ট বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক ছাত্রনেতা মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।

‎বিবৃতিতে আহ্বায়ক মৌমিতা নূর বলেন, ৫ আগস্ট, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের দুই বছর পূর্ণ হলো। সেই আন্দোলনে ধর্ম, বর্ণ ও মতাদর্শের ভিন্নতা ভুলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল। কিন্তু দুঃখজনকভাবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসগুলোতে তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। ছাত্র সংগঠনগুলোর মধ্যে ন্যূনতম গণতান্ত্রিক সহাবস্থান ও ঐক্যের পরিবর্তে সংঘাত ও দখলদারিত্বের রাজনীতি দৃশ্যমান হচ্ছে।

‎তিনি আরও বলেন, সরকারি তোলারাম কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ তারই একটি উদাহরণ। এ ধরনের সংঘর্ষ শুধু ক্যাম্পাসের পরিবেশকেই অস্থিতিশীল করে না, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নির্মাণ। তাই সংঘর্ষ ও ভয়ের রাজনীতি পরিহার করে সকল ছাত্র সংগঠনকে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে।

‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের আধিপত্য প্রতিষ্ঠার জায়গা নয়; এটি শিক্ষার্থীদের শিক্ষা, মতপ্রকাশ ও নিরাপদ রাজনৈতিক চর্চার জায়গা। সংঘর্ষের মাধ্যমে ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো অপচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দায়িত্ব সংশ্লিষ্ট সকলের।

‎তিনি আরও বলেন, আমরা সংশ্লিষ্ট সকল ছাত্র সংগঠনকে সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসে ভয় ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা নিতে হবে।