ফতুল্লা গাবতলী টাগারপাড় এলাকায় অবস্থিত ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিঃ বন্ধ কারখানা খুলে দেয়া ও শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা এবং অধিকার বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও চাষাড়া কলকারখানা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিকরা।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় কারখানার সামনে থেকে মিছিল নিয়ে কলকারখানা অধিদপ্তরের সামনে এসে অবস্থান নিয়ে এ বিক্ষোভ সমাবেশ করেছে।
সংহতি জানিয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি গাজী নূরে আলম, ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিক মিলন, নূর নবী, সজিব, সাবিনা ও তানিয়া প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ইউনাইটেড অ্যাপারেলসের মালিক শ্রম আইন লঙ্ঘন করে ইচ্ছে খুশি মতো কারখানা চালিয়ে আসছে। শ্রমিকদের আইনগত প্রাপ্য সুযোগ-সুবিধা ছুটিছাটা না দিয়ে যাকে যখন খুশি চাকরি থেকে বের করে দিচ্ছে। ছুটি না পেয়ে জরুরি প্রয়োজনে কোন শ্রমিক একদিন কাজে অনুপস্থিত থাকলে তাকে ৩ দিনের হাজিরা কর্তন করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের এই বে-আইনি কর্মকান্ডের বিরুদ্ধে শ্রমিকরা প্রতিবাদ জানায়। এতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। যার ফলে গত মঙ্গলবার দিবাগত রাতে কর্তৃপক্ষ কারখানাটি ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। সকাল বেলা শ্রমিকরা কাজে যোগদান করতে গেলে কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখে তারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে চাষাড়া কলকারখানা অধিদপ্তরে এসে সংকট সমাধানের জন্য উপমহাপরিদর্শক এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কলকারখানা অধিদপ্তরের পক্ষ থেকে সোমবার (৫ অক্টোবর) ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। রবিবার (৪ অক্টোবর) সকালে কর্তৃপক্ষ কারখানা গেইটে ৪৩ জন শ্রমিককে সাময়িক বরখাস্তের নাটিশ টানিয়ে দিলে এর প্রতিবাদে শ্রমিকরা রবিবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলকারখানা অধিদপ্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। সংকট সমাধানে পূর্ব নির্ধারিত ত্রিপক্ষীয় বৈঠক সোমবার কিন্তু নির্দিষ্ট সময় না জানানোর ফলে বিকেল ৩ টার পর শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সাথে সাথে বিকেএমইএ সভাপতি, জেলা প্রশাসক ও কলকারখানার উপমহাপরিদর্শকের মধ্যে আলোচনা করে সোমবার বিকেল ৩ টায় কলকারখানা অধিদপ্তরে ত্রিপক্ষীয় বৈঠকে নির্দিষ্ট সময় জানানো হয় এবং উক্ত বৈঠকে সংকট সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উক্ত বৈঠকে সন্তোষজনক সমাধান না হলে কঠোর আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।






































আপনার মতামত লিখুন :