বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন যৌথ বিবৃতিতে বলেন, গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত মজুরি শ্রমিকদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জীবনযাত্রার ব্যয়, বাজারদর ও মূল্যস্ফীতির তুলনায় ১৭ হাজার টাকা মজুরি একজন শ্রমিকের পরিবারের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত নয়। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা তাঁদের শ্রম-ঘাম ও অবদানের তুলনায় ন্যায্য মজুরি এবং সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও জীবনধারণ উপযোগী নিম্নতম মজুরি নির্ধারণ করতে হবে। শ্রমিকের মানবিক মর্যাদা এবং জীবনমান উন্নয়ন না হলে টেকসই শিল্প উন্নয়ন ও দেশকে এগিয়ে নেয়ার সম্ভব হবে না।
২৫ নভেম্বর বিবৃতিতে তারা এসব কথা বলেন।
এদিন মজুরী বোর্ড তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭,০০০ টাকা নির্ধারণ করেছে যা প্রায় ৩৬% বৃদ্ধি। অন্যান্য গ্রেড নির্ধারিত কাঠামো অনুযায়ী চতুর্থ গ্রেডে ১৭,০০০ টাকা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডে যথাক্রমে ২১,৫০০ টাকা, ২০,০০০ টাকা ও ১৯,২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকের মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র শ্রমিকের বর্তমান জীবনধারণের ব্যয় বিবেচনা করলেই চলবে না। বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবারের মৌলিক চাহিদা পূরণ, সন্তানদের শিক্ষার খরচ, পরিবারের সদস্যদের চিকিৎসা, বাসস্থান, পুষ্টিকর খাবার ও বিনোদনের চাহিদা মেটানোর পরও যাতে তাঁদের প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করা সম্ভব হয়। শ্রমিকের ভবিষ্যত নিরাপত্তা এবং মানবিক মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার বিষয় বিবেচনায় নিতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি কোন দয়া নয় এটা তাঁদের শ্রম, দক্ষতা ও অবদানের ন্যায্য প্রতিদান। যে শ্রমিকের শ্রম-ঘামে শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি হয়, বৈদেশিক রপ্তানি বাড়ে এবং দেশ এগিয়ে যায়, সেই শ্রমিকের পরিবার নিয়ে সম্মানজনক ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা নিশ্চিত করা অপরিহার্য।
নেতৃবৃন্দ সুষম শ্রমশক্তি, টেকসই শিল্প এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন-২০২৬) এর ধারা ১৪১ অনুসারে শ্রমিকের জীবনযাপন ব্যয়, জীবনযাপনের মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ, দেশের এবং সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত মজুরি পুনর্বিবেচনা নিয়ে ন্যায্য মজুরি ঘোষণার জন্য শ্রমমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় শ্রমিকরা বিক্ষুব্ধ হলে এর দায় দায়িত্ব সরকার ও মালিকদেরই বহন করতে হবে।












(46)-20261125083734.jpg)











(44)-20261120153333.jpg)













আপনার মতামত লিখুন :