News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

আড়াইহাজারে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে গুলি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:২৭ পিএম আড়াইহাজারে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও থান কাপড়ের ব্যবসায়ী আমির হোসেনের গাড়িতে গুলি করেছে দুর্বুত্তরা।

দুটি গুলি গাড়ির জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে গেছে। তবে কেউ গুলিবিদ্ধ হননি।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহসহ তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হোসেন তার এক বন্ধুকে নিয়ে নিজের গাড়ি চালিয়ে আড়াইহাজার সদর এলাকা থেকে মাহমুদপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে গেলে অন্ধকারে চলন্ত মোটরসাইকেলে বসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার গাড়ি লক্ষ্য করে পর পর দুটি গুলি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দুটি গুলিই গাড়ির জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায়। তবে কেউ হতাহত হননি। একটি গুলি গাড়ির সামনের কাঁচ ভেদ করে এবং আরেকটি গুলি এক পাশের জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায়। তবে ভাগ্যক্রমে আমির হোসেন ও তার বন্ধু রক্ষা পান।

এ ঘটনায় ভুক্তভোগী আমির হোসেন নিজের নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় তদন্তসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলার প্রক্রিয়া চলছে।