News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

মহাসড়কে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৮৯৬ যান পারাপার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৩৬ পিএম মহাসড়কে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৮৯৬ যান পারাপার

‎পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

বুধবার (১৮ মার্চ) ২৪ ঘণ্টায় মহাসড়কটির মেঘনা ও গোমতী সেতু টোল প্লাজা দিয়ে মোট ৫৩ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। ‎এসময় টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৮৭১ টাকা। আর সবশেষ ৪৮ ঘন্টায় সবমোট ১ লাখ ৬ হাজার ৭৪৯টি যানবাহন পারাপার হয়েছে। 

বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সওজের ভিটিকান্দি সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন।


‎ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে মহাসড়কে। সরকার ঘোষিত বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নারায়ণগঞ্জ ছাড়ছেন হাজারো মানুষ।

‎যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছেন যাত্রীরা।


‎এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে টাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ১২৪ পুলিশ সদস্য কাজ করছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমাদের কোনো প্রকার গাফিলতি নেই। আশা করছি যানজটের কোনো রকম ভোগান্তি ঘটবে না।