News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৫৪ পিএম পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

নারায়ণগঞ্জ শহরে পুলিশের এক কর্মকর্তা ও তার সোর্সকে ধরে বেধড়ক পিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জনতার বিরুদ্ধে। রবিবার (১৫ মার্চ) বিকেল পাচঁটার দিকে গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন থানকাপড় মার্কেটের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন এসআই মিজান তার এক সোর্সকে সঙ্গে নিয়ে হোসিয়ারী কর্মচারী রমজান ও তার এক সহযোগীকে আটক করে সিএনজিতে তুলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করছিল। এসময় ওই দুই যুবকের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে এসআই মিজানসহ তার সোর্সকে আটক করে। এসময় তাদের পরিচয় জানতে চাইলে সোর্স নিজেকে র‌্যাবের লোক বলে পরিচয় দেয়। তখন স্থানীয় লোকজন তাদের থান কাপড়ের একটি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে না পারলে ভুয়া পুলিশ বলে তাদের মারধর শুরু করেন। এতে করে ওই পুলিশ কর্মকর্তার জামাকাপড় ছিড়ে যায়। তাৎক্ষণিকভাবে সে দৌড়ে পালিয়ে যায়।

আটক হোসিয়ারী কর্মচারী রমজান জানান, কেনাকাটা করার জন্য তারা দুজন মার্কেটে এসেছিলেন। ঘোরাঘুরি করার সময় পুলিশ হঠাৎ কোনো কারণ ছাড়াই তাদের দুজনকে আটক করে সিএনজিতে তুলে হ্যান্ডকাপ পড়ানোর চেষ্টা করেন। তখন স্থানীয় থান কাপড়ের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আমাদের রক্ষা করতে এগিয়ে আসেন। এসময় পুলিশের সোর্স নিজেকে র‌্যাবের লোক বলে পরিচয় দিলে স্থানীয় লোকজন র‌্যাবের কর্মকর্তাকে ফোন দিতে বলেন। তখন তিনি কোন কর্মকর্তার নাম্বারে ফোন দিতে পারেন নি। পরে তাদের মারধর করা হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে থানকাপড়ের মার্কেটের সামনে মারধর করার একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে, কেনো এমন ঘটনা ঘটেছে তা সম্পর্কে তদন্ত করা হচ্ছে।