News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

২১ লাখ টাকার পাইপ চুরি, বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৯:৩৭ পিএম ২১ লাখ টাকার পাইপ চুরি, বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ড্রেজারের প্রায় ২১ লাখ টাকা মূল্যের পাইপ ও যন্ত্রাংশ চুরির ঘটনায় প্রধান আসামি কাজল প্রধানকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাজল প্রধান বন্দর থানা বিএনপির সাবেক সদস্য। চুরির মামলায় পুলিশ বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে আদালতে প্রেরণ করেছে।

মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার সালেহনগর এলাকার রূপালী গেট বাগান ও কাইল্লাহ মিয়ার বাড়ির সামনে রাখা ড্রেজার ব্যবসায়ী মরহুম হাজী মো. আতিকুর রহমানের ১২ ইঞ্চি পাইপ ও বুস্টার মেশিনের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। তার মৃত্যুর পর ছেলে শিমন হাসান ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ জুলাই সকাল ৬টা থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কাজল প্রধান ও তার অজ্ঞাতনামা ৫-৬ জন সহযোগী স্থানটিতে থাকা ড্রেজারের ৮৫টি ১২ ইঞ্চি পাইপ (আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা) এবং বুস্টার মেশিনের যন্ত্রাংশ (আনুমানিক মূল্য ৪ লাখ টাকা) খুলে নিয়ে যায়। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ২১ লাখ টাকা।

পরবর্তীতে শিমন হাসান ঘটনাস্থলে গিয়ে মালামাল না পেয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। গোপন সূত্রে তিনি জানতে পারেন, চুরি হওয়া পাইপ ও যন্ত্রাংশ নবীগঞ্জ ও মাহমুদনগর এলাকার বিভিন্ন ভাঙারির (স্ক্র‍্যাপ) দোকানে বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সাথে পরামর্শ করে তিনি বন্দর থানায় মামলা দায়ের করেন।