News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জের নিহত পরিবারের পাশে এমপি আল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৯:৩২ পিএম নারায়ণগঞ্জের নিহত পরিবারের পাশে এমপি আল আমিন

দক্ষিণ আফ্রিকার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাচ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলীরটেকের মো. ফাহিম (২৯), আপন আহমেদ (২৩), নুর মোহাম্মদ (৫৫), মো. ফয়সাল (২৬) এবং বক্তাবলীর মো. শাহিন (৩০) এর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং আশ্বস্ত করেন যে মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা, প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে তিনি প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবেন।

পরে তিনি বক্তাবলী ফেরিঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিশু হাবিব (১২)-এর বাড়িতেও যান। পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, হাবিবের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় পরিবারটির পাশে থেকে সর্বাত্মক আইনি সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকায় একটি সুপারসপে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে যাদের ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলীতে। অপর একজনের বাড়ি মুন্সীগঞ্জে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে দোকানে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, কুইন্সটাউটে আলীরটেক ইউনিয়নের ৪নং ইউপি সদস্য রওশন আলীর মালিকানাধীন সুপার সুপ রয়েছে। রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬জনের মৃত্যু হয়। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন বলে জানা যায়।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর এলাকার মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই এলাকার আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩) ও মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), একই ইউনিয়নের তৈলখিয়ার চর এলাকার ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০)। মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম বেপারির ছেলে মো. রাজিক (৫৫)।