নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা ও পিরোজপুর এলাকায় চুনা কারখানায় ভ্রাম্যমান আদলেতের মাধ্যমে অভিযান চালায় তিতাস।
এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজ সুহা তাবিল।
তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, কিছু অসাধু লোকজন সরকারী দলের নেতাকর্মীদের প্রভাব দেখিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তোলে। এতে সরকার প্রতিমাসে বিপুল পরিমান টাকার রাজস্ব হারাচ্ছে। রোববার সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া, পিরোজপুর এলাকার প্রতাবেরচর ও গোলাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এক্স্যাভেটর দিয়ে চুনা কারখানা গুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের সময় তিতাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।





































আপনার মতামত লিখুন :