News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

গলাচিপায় র‍্যাবের উপর সশস্ত্র হামলার অন্যতম আসামি রাফি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৯:১৩ পিএম গলাচিপায় র‍্যাবের উপর সশস্ত্র হামলার অন্যতম আসামি রাফি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় র‍্যাব সদস্যদের উপর সশস্ত্র হামলার মামলার অন্যতম আসামি আব্দুর রহিম ওরফে রাফি'কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। শনিবার দিনগত রাত ২টায় মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম ওরফে রাফি (২৩) মাসদাইরের মৃত সেলিমের পুত্র।

রোববার বিকেলে র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৫ মে সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ এর একটি এফএস টিম সাদা পোশাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গলাচিপা বোয়ালিয়া খালপাড় পানির ট্যাংকি এলাকায় মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী সহ অপরাধীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যায়।

এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহকালে উক্ত এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করার সময় অনুমান সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদ , গিট্টু রিপন সেলিম সহ আরোও কয়েকজন লোক এসে র‍্যাব সদস্যদের পরিচয় জানতে চায়। তখন র‍্যাব সদস্যরা তাদের পরিচয় দেন এবং তাদের নিকট থাকা র‍্যাব আইডি কার্ড প্রদর্শন করেন। র‍্যাবের পরিচয় জানার পর আসামিরা তাদের উপর ক্ষিপ্ত হয় এবং আসামিদের সহযোগী অন্যান্য লোকজনদের ডেকে আসতে বলে। র‍্যাব সদস্যরা তখন লোকজন আসতে দেখে পুণরায় তাদের পরিচয় বলেন এবং র‍্যাবের কোটি পরিধান করেন। উক্ত আসামীদের ডাক চিৎকারে তাদের সহযোগী আসামীরা তাদের হাতে থাকা পিস্তল, ছুরি, চাকু, দা, চাইনিজ কুড়াল, রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হয়ে র‍্যাব সদস্যদের উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়।

এতে ৩ জন র‌্যাব সদস্য গুরুতর আহত হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

পরবর্তীতে র‍্যাব-১১ এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার দিনগত রাত ২ টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর  এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বর্ণিত সময় ও স্থান থেকে মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি আব্দুর রহিম ওরফে রাফিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।