News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জে দেশীয় মাছের ঐতিহ্য ফেরানোর আহ্বান এমপি আবুল কালামের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৯:৩২ পিএম নারায়ণগঞ্জে দেশীয় মাছের ঐতিহ্য ফেরানোর আহ্বান এমপি আবুল কালামের

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ- প্রতিপাদ্যে রেখে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।

রোববার ১৬ আগস্ট সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম।

উদ্বোধনী বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম নদীমাতৃক নারায়ণগঞ্জের অতীত ঐতিহ্য স্মরণ করে বলেন, ছোটবেলায় আমরা শীতলক্ষ্যা নদীতে প্রচুর দেশীয় মাছ দেখতে পেতাম। এমনকি গামছা ও লুঙ্গি দিয়েও মাছ ধরা যেত। অথচ বর্তমানে নদীতে তো দূরের কথা, পুকুরেও অনেক দেশীয় মাছ আর চোখে পড়ে না। এমনকি বর্তমান প্রজন্মের অনেক ছেলে-মেয়ে দেশীয় মাছের নাম পর্যন্ত বলতে পারে না।

এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় মৎস্যচাষিদের বিলুপ্তপ্রায় দেশীয় মাছের চাষে উদ্বুদ্ধ করার জন্য মৎস্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলা অডিটোরিয়াম এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।