News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

জমিয়তের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৯:৫৪ পিএম জমিয়তের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা জমিয়তে সভাপতি ছিলেন মুফতি মনির কাসেমী ও সাধারণ সম্পাদক ছিলেন ফেরদাউসুর রহমান।

দলটির খাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং দলীয় গঠনতন্ত্রের ৫১ ধারার ৫ উপধারার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৬ আগস্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে দলীয় গঠনতন্ত্রের ধারা ৫১-এর উপধারা ৫-এর আলোকে দলের সভাপতির অনুমতিক্রমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উভয় শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এর আগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং মজলিসে আমেলার সদস্যদের বরাবর একটি লিখিত অভিযোগপত্র ও অনাস্থা প্রস্তাব প্রেরণ করা হয়। অভিযোগপত্রে স্বাক্ষরকারী নেতারা বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক ও নৈতিক অনিয়মের অভিযোগ তুলে ধরেন।‎

‎অভিযোগে বলা হয়, মাওলানা ফেরদাউসুর রহমান দলের গঠনতন্ত্র উপেক্ষা করে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করছেন এবং জেলা আমেলা কমিটির নিয়মিত পরামর্শ সভা আহ্বান করছেন না। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করা হয়।

‎‎এছাড়া অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, তিনি বিভিন্ন বিতর্কিত ও রাজনৈতিকভাবে চিহ্নিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছেন, যা দলের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি করেছে।

‎নেতৃবৃন্দের দাবি অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী পক্ষের সঙ্গে যোগাযোগ ও আর্থিক সুবিধা গ্রহণের মতো গুরুতর অভিযোগও রয়েছে, যার প্রমাণ হিসেবে অডিও ও ভিডিও ফুটেজ রয়েছে বলে তারা উল্লেখ করেন। পাশাপাশি তার বিরুদ্ধে নৈতিক ও ব্যক্তিগত আচরণ সম্পর্কিত কিছু অভিযোগও তোলা হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি করা হয়।

‎লিখিত বক্তব্যে নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বের ওপর আমরা আস্থা হারিয়েছি। তাই আমরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করছি।

‎তারা কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হোক এবং সত্যতা প্রমাণিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে যোগ্য নেতৃত্বকে দায়িত্ব প্রদান করা হোক।