News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

‘দোসর’ নিয়ে বিএনপির নেত্রীদের লড়াই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ১০:৪২ পিএম ‘দোসর’ নিয়ে বিএনপির নেত্রীদের লড়াই

আওয়ামীলীগের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির সাথে বিএনপি নেত্রীদের ছবি এখন ফেসবুকে পোস্টে ছড়াছড়ি। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রাফিউদ্দিন রিয়াদের এক পোস্ট থেকে আলোচনা সৃষ্টি হয়েছে বিতর্কিত বিভা হাসানকে নিয়ে।

নারায়ণগঞ্জ বিএনপির হাইকমান্ড নেতা খ্যাত আব্দুল মজিদের ভাই মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য হাসান আহম্মেদের স্ত্রী আফসানা আফরোজ বিভা ‘দোসর’ আখ্যা দিয়ে পোষ্ট হয় ফেসবুকে। এতে কমেন্ট করেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের আহবায়ক দিলারা মাসুদ ময়না। দুইজনই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। যার কারণে বিভাকে ঘিরে মহানগর বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

দলের একাংশের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিভার, তবে ক্ষমতার পালাবদলের পর তিনি হঠাৎ বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন।

৬ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক সভায় এই প্রসঙ্গে বিভার সঙ্গে মহিলা দলের সাবেক সভানেত্রী রাশিদা জামালের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই সময় মহানগর মহিলা দলের বর্তমান সভাপতি দিলারা মাসুদ ময়নাও বিভার সঙ্গে বিরোধে জড়ান। পরে রাশিদা জামালের ছেলে ও মহানগর যুবদলের সদস্য রাফিউদ্দিন রিয়াদ নিজের ফেসবুকে বিভার সঙ্গে সাবেক মেয়র আইভীর পুরোনো একটি ছবি পোস্ট করে অভিযোগ করেন, বিভা হাসান নিজেই আওয়ামী লীগের দোসর হয়ে তাঁর মা, মহানগর মহিলা দলের সাবেক সভাপতিকে আওয়ামী লীগের দোসর বলে কটূক্তি করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সহযোগিতায় বিভা নতুন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাকেও বিভার পুরোনো প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে।

এসব অভিযোগের জবাবে আফসানা আফরোজ বিভা উল্টো দিলারা মাসুদ ময়না ও রাশিদা জামালের বিরুদ্ধেই আইভীর সঙ্গে সখ্যতার অভিযোগ তুলেছেন। তিনি পাল্টা অভিযোগ করে জানান, তাঁরা দুজনেই আইভীর কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে সিটি করপোরেশনের ৩৬ জন কাউন্সিলর আইভী আপার সাথে কাজ করেছেন এবং আমিও করেছি। আমি কোনো দোসর না। বরং বিএনপিকে মনেপ্রাণে ধারণ করি।

নিজ দলের নেতাকর্মীদের দ্বারা প্রতিহিংসার রাজনীতির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, আফসানা আফরোজ বিভা বিএনপি পরিবারের মানুষ। তাঁর নামে আওয়ামী লীগ আমলে মিথ্যা মামলাও হয়েছে। একটা বিষয় হলো, তিনি যেহেতু আওয়ামী লীগ আমলে সিটি করপোরেশনের জনপ্রতিনিধি ছিলেন, তাই তাঁকে অনেক সরকারি কার্যক্রমে অংশ নিতে হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই।