News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৯:০৪ পিএম নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ- স্লোগানে নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবরাহিম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। বর্তমান সরকার দেশের সকল জলাভূমি উন্মুক্ত করে দিয়ে দেশি মাছের বিস্তার করতে চাচ্ছে। তাই  সচেতনতা বৃদ্ধি করে সবাইকে দেশি মাছ রক্ষায় এগিয়ে আশা উচিত।

সভায় বেশ কয়েকজন মৎস্য চাষীকে সম্মাননা জানানো হয়। সভা শেষে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।