আড়াইহাজারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়াতে ইসলামী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে ইউসুফ আলী ভূঁইয়া বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আড়াইহাজারে ধানের শীষের পক্ষে ভোটের বিপ্লব ঘটবে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের গণজোয়ার দেখে জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, গত ২ ফেব্রুয়ারি বাড়ৈ পাড়া এলাকায় যে ঘটনা ঘটেছে, তাতে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এটি পাশ্ববর্তী থানার একটি পারিবারিক বিরোধের জের ধরে সংঘটিত হয়েছে। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার সঙ্গে দলটির নেতাকর্মীদের জড়িত থাকার প্রশ্নই ওঠে না।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতারা অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি করেন।


































আপনার মতামত লিখুন :