News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

সুষ্ঠু নির্বাচনে প্রশংসিত জেলা প্রশাসন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:৪৪ পিএম সুষ্ঠু নির্বাচনে প্রশংসিত জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ বেশ শান্তিপূর্ণ ও উসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নারায়ণগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলেন।

আর এই শান্তিপূর্ণ ও উসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ায় সর্ব মহলেই প্রশংসিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বিশেষ সকল রাজনৈতিক দলগুলোই প্রশংসায় পঞ্চমুখ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের।

এরই মধ্যে মঙ্গলবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আর এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে সকল বক্তারাই জেলা প্রশাসনের প্রশংসা করেন। জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, অনেকদিন ধরেই মানুষজন সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত ছিলো। মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলো। এবারের নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। সেই সাথে অনেকদিন পর শান্তিপূর্ণ ও উসবমুখর পরিবেশের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য জেলা প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

পাশাপাশি জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সকল রাজনৈতিক নেতাদের প্রচেষ্টায় এরকম একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা যেখানেই অভিযান পরিচালনা করেছি জরিমানা করেছি কেউই কোনো প্রতিক্রিয়া দেখাননি। সকলেই নমনীয় ছিলেন এবং অজানা থেকেই কাজ করেছেন। সকলেই আন্তরিক ছিলেন বলেই সম্ভব হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও জেলা সমন্বয় কমিটির সদস্য মো. জাবেদ আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রসঙ্গত, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকলের মধ্যেই নানা শঙ্কা কাজ করছিলো। সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারবেন কিনা তা নিয়ে অজানা শঙ্কা কাজ করছিলো। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন সকল শঙ্কার অবসান ঘটিয়ে বেশ সফলতার সাথেই নির্বাচন সম্পন্ন করেছেন।