নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের জীবনে সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার অনন্য শিক্ষা নিয়ে আসে। এই মাসে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সহমর্মিতা এবং পারস্পরিক দায়িত্ববোধ আরও গভীরভাবে অনুভব করা উচিত। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ইফতার ও খাদ্য সহায়তার পাশাপাশি চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, র্মহীনদের পুনর্বাসনে সহযোগিতা এবং সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদার করার এটাই শ্রেষ্ঠ সময়।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সকল ব্যবসায়ীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মোরশেদ সারোয়ার সোহেল বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা শুধু ধর্মীয় বিষয় নয়, এটি আমাদের সামাজিক দায়িত্বেরও অবিচ্ছেদ্য অংশ। কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কোনোভাবেই অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না। রমজানে বাজার স্থিতিশীল রাখা প্রতিটি ব্যবসায়ীর নৈতিক ও ধর্মীয় কর্তব্য।
তিনি আরও জানান, চেম্বার থেকে নিয়মিত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও অনিয়ম বা অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন।
যানজট নিরসনে চলমান উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, পহেলা রমজান থেকে ১০০ জন স্বেচ্ছাসেবী নগরবাসীর দুর্ভোগ লাঘবে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন। চেম্বার, বিকেএমইএ এবং মডেল গ্রুপের অর্থায়নে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা প্রতিদিন যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। এটি সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া একটি জনস্বার্থমূলক উদ্যোগ।
নগরবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই স্বেচ্ছাসেবীরা আমাদের জন্য কাজ করছেন। আমরা সবাই যদি ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলি এবং তাদের নির্দেশনা অনুসরণ করি, তাহলে রমজান মাসে নারায়ণগঞ্জের যানজট পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব হবে।
শেষে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো সংকটে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাবে। রমজান ভোগের মাস নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও মানবতার মাস এই উপলব্ধি থেকেই আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে শালীনতা ও সংযম বজায় রাখা উচিত।






































আপনার মতামত লিখুন :