News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

আড়াইহাজারে ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৮:৪৭ পিএম আড়াইহাজারে ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৬ মে বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটায় গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের কবরস্থান মোড় এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ মোবারক করিম স্বাধীনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের সমর্থকেরা তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আসাদুর রহমান। মাদক সেবনের দায়ে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।

অভিযোগ রয়েছে, গাজী মাসুদের অনুসারীরা তাঁকে পাশ্ববর্তী কড়ইতলা গ্রামে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে বিএনপি নেতা দাইয়ানও আহত হন।
এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।