News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

বন্দরে পুলিশ, শহরে র‌্যাব আক্রান্ত জনমনে আতঙ্ক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:৩৪ পিএম বন্দরে পুলিশ, শহরে র‌্যাব আক্রান্ত জনমনে আতঙ্ক

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনা বেড়েছে। মাদক বিরোধী অভিযানে  রূপগঞ্জ চনপাড়ায় ওসি সহ ৭জন আহত ও শহরে র‌্যাবের তিন সদস্যকে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন। এর আগে ১ মে মধ্যরাতে বন্দর চৌধুরী অভিযানে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়। 

চব্বিশের আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলন চলাকালে অপরাধীদের জগত বৃদ্ধি পায়। এক পর্যায়ে আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়া পর অন্তবর্তী সরকার আমলে নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠে। বিদায়ী ক্ষমতাসীনদের ছেড়ে নতুনদের পিছনে ছুটে এলাকায় আধিপত্য বিস্তারে পায়তারা শুরু করে। ইতোমধ্যে নারায়ণগঞ্জে ফতুল্লা ও বন্দরে আধিপত্য নিয়ে গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

অন্তবর্তী সরকার আমলে আইনশৃঙ্খলা বাহিনী নিরবতার কারণে দিনে দিনে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দখলে নেয়। যার কারণে সাধারণ মানুষ আতংকে দিন কাটছে।

চলতি মাসের শুরু ১ মে মধ্য রাতে বন্দর চৌধুরী বাড়িতে ছিনতাই ঘটনা উদঘাটনে সময়ে পুলিশের সদস্যদের ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এমন ঘটনা যখন উত্তপ্ত বন্দর তখন শহরের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের তিন সদস্যকে কুপিয়েছে দুবৃর্ত্তরা। এতে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

জানা গেছে, সোমবার রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় পুলিশের কাছ থেকে আসামী সন্ত্রাসী শামীমকে ছিনিয়ে নিয়ে অবরুদ্ধ করে রাখে। আসামী ছিনিয়ে নেওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনী চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় ঝটিকা অভিযানে সন্ত্রাসী শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়। এর আগে পুলিশের উপর হামলা ঘটনায় ওয়াকিটকি, মোবাইল লুট ও ওসি সহ ৭ সদস্য আহত হয়। 

এদিকে মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছে র‍্যাব-১১ এর সদস্যরা। এঘটনায় র‍্যাবের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত র‍্যাব সদস্যরা হলেন কনস্টেবল ইব্রাহিম, মাহী ও ল্যান্সনায়েক নাজিবুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে র‍্যাব-১১ এর গোয়েন্দা শাখার ৫ থেকে ৬ জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে যান। এসময় স্থানীয় সন্ত্রাসীরা র‍্যাব-১১ সদস্যদের ধারালো অস্ত্রসহ ধাওয়া করে এতে তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। র‍্যাব-১১ এর সিও সাজ্জাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলমান আছে। শিঘ্রই এ বিষয়ে ব্রিফিং করা হবে।