News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ১০:০৩ পিএম সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনে দুপুরে সিরাজুল ইসলাম নামের এক সৌদি প্রবাসী  বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

বুধবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে শামীমা আক্তার পরিবারের সদস্যদের নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফার্নিচার কিনতে যান। ওই নারী বাড়ির বাহিরে থাকার সুযোগে ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা বাথরুমের এডজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারির তালা ভেঙে সেখানে থাকা ১০ ভরি স্বর্ণ, ৩ ভরি রুপা, ২০০ সৌদি রিয়াল ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

বিকেলে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে আলমারি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।

শামীমা আক্তার বলেন, কয়েক ঘণ্টার জন্য বাসার বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরের সবকিছু তছনছ। আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।