দীর্ঘদিনের রাজনৈতিক বিরতি ও দলীয় বহিষ্কারের অধ্যায় পেছনে ফেলে আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের কয়েকজন প্রভাবশালী নেতার। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত এসব নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। এ খবরে নতুন করে আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরসহ কয়েকজন নেতা। তাঁদের প্রত্যাবর্তন ঘটলে স্থানীয় বিএনপির সাংগঠনিক শক্তি ও নেতৃত্বের সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ২২ নভেম্বর একাধিক গণমাধ্যমে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএনপির উদ্যোগের খবর প্রকাশিত হয়। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, দলের সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা, তৃণমূলের বিভক্তি দূর করা এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীসহ বিভিন্ন কারণে বহিষ্কৃত কয়েকশ নেতাকর্মী দলে ফেরার আবেদন করে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি জমা দিয়েছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে অন্তত ৫০০ নেতাকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বিএনপির। তাঁদের মধ্যে ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থী রয়েছেন বলে জানা গেছে।
এই উদ্যোগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে গিয়াস উদ্দিন, আঙ্গুর, রেজাউল করিম, শাহ আলমের মতো অভিজ্ঞ নেতাদের দলে ফেরার বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মুফতি মনির কাসেমির বিপরীতে নির্বাচনী অবস্থান নেওয়ায় গিয়াস ও শাহ আলম বহিষ্কৃত হয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে শাহ আলমও দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেন। তাঁদের এই অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছিল।
নির্বাচনের আগে এই দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা গেলেও ভোটের ফলাফলে প্রত্যাশিত সাফল্য আসেনি। দলীয় প্রতীক ও সাংগঠনিক সমর্থন ছাড়া নির্বাচনী লড়াইয়ে তাঁরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন। নির্বাচনে পরাজয়ের পর গিয়াস উদ্দিন ও তাঁর অনুসারীদের অনেকটাই নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। তাঁর দুই ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল ও কায়সার রিফাতও নির্বাচনী বিরোধের জেরে বহিষ্কৃত হন। ফলে পুরো পরিবারকে ঘিরেই স্থানীয় বিএনপির রাজনীতিতে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। এখন বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাবনা তাঁদের অনুসারীদের মধ্যে নতুন করে সক্রিয় হওয়ার প্রত্যাশা তৈরি করেছে।
গিয়াস উদ্দিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক অবস্থানও তাঁকে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ঘোষিত জেলা বিএনপির পাঁচ সদস্যের আহবায়ক কমিটিতেও সদস্য ছিলেন। অন্যদিকে শাহ আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে তাঁর নিজস্ব অনুসারী ও সাংগঠনিক যোগাযোগ রয়েছে। ফলে এই দুই নেতার প্রত্যাবর্তন হলে তাঁদের অনুসারীদের পাশাপাশি স্থানীয় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডেও নতুন গতি আসতে পারে।
এ ছাড়া নারায়ণগঞ্জের রাজনীতিতে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর ও অধ্যাপক রেজাউল করিমের মতো বহিষ্কৃত নেতাদের অবস্থান নিয়েও আলোচনা রয়েছে। নির্বাচনকেন্দ্রিক বিরোধের পর তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে কেন্দ্রীয়ভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ নেওয়ায় তাঁদের মতো নেতাদেরও দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে কমিটি পুনর্গঠন, নেতৃত্বের বিরোধ এবং অনুসারীদের মধ্যে বিভক্তি নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার ক্ষেত্রে অভিজ্ঞ নেতাদের ভ‚মিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বহিষ্কৃত নেতারা ফিরলে একদিকে যেমন তাঁদের অনুসারীরা আবার দলীয় কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ মিটিয়ে নতুন নেতৃত্বের সমন্বয় তৈরির সম্ভাবনাও থাকবে। তবে তাঁদের প্রত্যাবর্তন বর্তমান নেতৃত্বের সঙ্গে কী ধরনের সমীকরণ তৈরি করবে, সেটিও দেখার বিষয়।
বিএনপির এই উদ্যোগকে শুধু বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া হিসেবে দেখছেন না স্থানীয় নেতাকর্মীরা। সামনে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন থাকায় তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক অবস্থান গড়ে তোলার বিষয়টিও এর সঙ্গে যুক্ত। তবে আবেদন করলেই সবাই দলে ফিরতে পারবেন, এমন নিশ্চয়তা নেই। অতীতের সাংগঠনিক ভূমিকা, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং সংশ্লিষ্ট নেতাদের অবস্থান যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে বহিষ্কৃত নেতাদের ফেরানোর উদ্যোগ নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে গিয়াস উদ্দিন, রেজাউল করিম, শাহ আলমের মতো হেভিওয়েট নেতারা ফিরলে দলটির অভিজ্ঞ নেতৃত্বের পরিধি বাড়বে, পাশাপাশি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অনেক নেতাকর্মীও সক্রিয় হতে পারেন। তবে তাঁদের প্রত্যাবর্তন কেবল দলীয় পরিচয় ফিরে পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সাংগঠনিক নেতৃত্বেও নতুন ভ‚মিকা তৈরি করবে, তা নির্ভর করছে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত ও স্থানীয় রাজনৈতিক সমঝোতার ওপর।




















(44)-20261120153333.jpg)















আপনার মতামত লিখুন :