নারায়ণগঞ্জে এক সময় সন্ত্রাসের জনপথ বলা হতো। দীর্ঘ লড়াই সংগ্রামের পর সেই অপবাদ যখন গুচতে বসেছিলো ঠিক তখনই নতুন এক আতঙ্কের জন্ম নিয়েছে নগরীতে। নতুন সেই আতঙ্কের নাম সাব্বির আহম্মেদ শহীদ ওরফে ডাকাত শহীদ। মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, ডাবল মার্ডারের আসামী হওয়ার পর এবার পুলিশ হত্যার ঘটনাতেও নাম এসেছে এই ডাকাত শহীদ ও তার বাহিনীর সদস্যদের।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন জেলা আইনশৃঙ্খলা কমিটির মত একটি গুরুত্বপূর্ন কমিটির মাসিক সভায় ডাকাত শহীদের অপকর্মের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য রেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। কিন্তু তাতেও প্রশাসনের কর্মকর্তারা কোনো কর্নপাত করেননি। এবার সেই ডাকাত শহীদ বাহিনীর হাতে খোদ প্রশাসনের সদস্যই নৃশংসভাবে খুন হয়েছে এমন খবর এখন এলাকাতে। এসব ঘটনার পর এবার নগরী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ডাকাত শহীদকে কারা পৃষ্ঠপোষকতা করছেন। কারা তাকে রাজনৈতিক শেল্টার দিয়ে ডাকাত থেকে মহাক্ষমতাধর দলীয় সন্ত্রাসে পরিণত করছে? স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকাতে থাকার পরও কেন পুলিশ তাকে গ্রেপ্তার করছেনা।
জানা গেছে, নারায়ণগঞ্জ সদরে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় মাদক ব্যবসায়ী ডাকাত শহীদ তার অন্যতম সহযোগী সবুজ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছেন, এ বাহিনীর ক্যাডাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যাসহ চাঁদাবাজি, সন্ত্রাস এমনকি স্থানীয় সংসদ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ থাকলেও স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেপরোয়া।
গত রোববার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য সংগ্রহ করতে গিয়ে খুন হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এ জনপদের নিয়ন্ত্রক হলেন শহীদ ওরফে ডাকাত শহীদ। এছাড়াও আছেন বদু সুমন, কামাল, হৃদয়, ডেভিড, মুরগী রনি সহ কয়েকজন।
অভিযুক্ত সাব্বির হোসেন শহীদ নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তারেক রহমান ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক এবং শহীদ-সবুজ বাহিনীর প্রধান।
জানা গেছে, এর আগে শহীদ ওরফে ডাকাত শহীদের শেল্টার দেয়া বন্ধে সাবেক কাউন্সিলর বিভাকে সতর্ক করা সহ কেউ যেন তাকে শেল্টার না দেয় সেই বার্তা দিয়েছিলেন সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। গত ৩০ জুন নাসিক প্রশাসক এক অনানুষ্ঠানিক বৈঠকে শহীদ ওরফে ডাকাত শহীদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর এমন তথ্য জানান বিএনপির একাধিক নেতাকর্মীকে। এসময় সাবেক কাউন্সিলর বিভা হাসানকেও ফোন করে বিষয়টি জানানো হয়। মূলত কেউ যেন শহীদের বিষয়ে সুপারিশ না করে এবং তার অপকর্মের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করা হয় এমন বার্তা পৌছান তিনি।
ডাকাত শহীদ নারায়ণগঞ্জ ট্যাংক লড়ি কার্ভাট ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছেন ৫ আগস্টের পর। এর পূর্বে তিনি ছিলেন আওয়ামী লীগের কর্মী। ছিলেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অন্যতম সহযোগী। ৫ আগস্টের পর আজমেরী ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেলে ডাকাত শহীদ বনে যান বিএনপি নেতা।
আর তাকে নিতাইগঞ্জে ওই কমিটিতে অধিষ্ঠিত করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি হাসান আহম্মেদ। তিনি ওই কমিটির সভাপতি। তবে হাসান আহম্মেদ শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হওয়ায় তার সকল কিছুর নিয়ন্ত্রণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা। ডাকাত শহীদ জোড়া খুনের আসামি।
নিতাইগঞ্জই বাবুরাইল কাশীপুরের খিলমার্কেট, বাংলাবাজার হোসাইনি নগর, হাটখোলা, আম বাগান, চৌধুরীবাড়ি, শহীদনগর, গোগনগর, পাইকপাড়া, নামাপাড়া, শাসনগাঁও, ভোলাইল হয়ে পঞ্চবটি পর্যন্ত বিশাল এই এরিয়া জুড়ে মাদকের একছত্র নিয়ন্ত্রক সাব্বির হোসেন শহিদ। তার নিয়ন্ত্রিত বিশাল এই মাদকের সামাজ্যে হাত বাড়ালেই মিলে গাঁজা থেকে শুরু করে হেরোইন, ইয়াবা, ফ্যান্সিডিল ও মদ। এসব মাদক দ্রব্যের পাইকারী বিক্রেতা সাব্বির হোসেন শহিদ।
শুধু মাদকের ডিলারশীপই নয় শহিদের মাধ্যমেই উল্লেখিত এলাকা গুলো জমি দখল, অপহরণ করে মুক্তিপন আদায় সহ ছিনতাই ডাকাতি সকল কিছুর নিয়ন্ত্রক এই শহিদ। উল্লেখিত এলাকাগুলোকে যদি অপরাধের স্বর্গরাজ্য বিবেচনা করা হয় তবে সেই রাজ্যের স্বঘোষিত সম্রাট হয়ে উঠেছে এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদ।
স্থানীয়রা জানান, এসব অঞ্চল গুলোতে শহিদের মাদক বিক্রির জন্য ৩ থেকে ৪ হাজার লোক নিয়োগ প্রাপ্ত রয়েছে। যাদেরকে প্রতিদিন ২ থেকে ৩ হাজার টাকা চুক্তিতে রাখা হয়েছে। তাঁতীপাড়া মোড় থেকে নাগবাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন ল্যাম্পপোস্ট তারা সিসি টিভি ক্যামেরা স্থাপন করে স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে। যাতে করে প্রশাসনের লোকদের ওইসব এলাকায় ঢুকতে দেখতে পেয়ে আগে থেকেই সর্তক হতে পারে।
গুঞ্জন রয়েছে রাত ১১টার পর থেকে নাগবাড়ি ডায়াবেটিস হাসপাতালের পেছনে শহিদের অফিসে ফতুল্লা পুলিশের বিভিন্ন সদস্যদেরকেও সেখানে আনাগোনা করতে দেখা যায়। মাসোহারা আদায় করার জন্য। আদতে পুলিশ মাদকের ব্যাপারে তাদের জিরো ট্রলারেন্সের কথা শুনালেও এটা স্রেফ তাদের মুখস্ত বয়ান। মূলত পুলিশের পরোক্ষ মদদের কারণেই শহিদ মাদকের এতোবড় সিন্ডিকেট পরিচালনা করতে সক্ষম হচ্ছে। কারণ তারা রোহিঙ্গাদের মাধ্যমে সরাসরি টেকনাথ হয়ে মায়ানমার থেকে ইয়াবা সহ মাদক দ্রব্য গুলো নারায়ণগঞ্জে ৫নং মাছঘাটে গভীর রাতে এসে ডেলিভারী করা হয়। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন স্থানে চলে যায়।
পুলিশের পরোক্ষ মদদের পাশাপাশি তার রয়েছে রাজনৈতিক নেতাদের ছায়া। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই শহিদকে এলাকায় না দেখা গেলেও বর্তমানে তিনি পুরোদস্তুর একজন বিএনপি নেতা। মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা ও দাদা সেলিম এর মাধ্যমে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মিছিল মিটিং সমাবেশে জনবল সাপ্লাই দিয়ে থাকে এই শহিদ।
শহিদের বাহিনীতে আরো সক্রিয় সদস্য হিসেবে রয়েছে সবুজ ও বাপ্পি চিশতি নামের আরো দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
সম্প্রতি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শহিদ বাহিনীর দুই গ্রুপের মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলি বর্ষণের মত ঘটনাও ঘটে। গুলিতে শুভ নামের একটি গুরুতর আহত হওয়ার গুঞ্জন শোনা গেছে। গুলিবিদ্ধ হওয়ার পর শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে শোনা গেছে। তবে এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ওই সংঘর্ষের পর বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ডাকাত শহীদ কে নিয়ে বিব্রত হয়েছেন। যদিও পরের দিন ডাকাত শহীদের পক্ষে মাদক বিরোধী মিছিল করে আগের দিনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বাপ্পি চিশতি।




















(44)-20261120153333.jpg)















আপনার মতামত লিখুন :