News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জাপানের মারুহিসা গ্রুপের দ্বিতীয় কারখানা উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৯:৩৫ পিএম নারায়ণগঞ্জে জাপানের মারুহিসা গ্রুপের দ্বিতীয় কারখানা উদ্বোধন

বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে জাপানি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান মারুহিসা গ্রুপের দ্বিতীয় কারখানা মারুহিসা আটলান্টিক কোম্পানি লিমিটেডের উদ্বোধন করা হয়েছে।

বুধবার নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে কারখানাটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা, বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিমিনোবু হিরাইশি, ব্যবস্থাপনা পরিচালক সুগুরু হিরাইশি, বিসিকি চেয়ারম্যান বেনজির আহমেদ প্রমুখ।

অতিথিরা প্রথমে নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত প্রতিষ্ঠানটির প্রথম কারখানা মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন। পরে তাঁরা বিসিক শিল্পনগরীতে মারুহিসা আটলান্টিকের কারখানা ঘুরে দেখেন। এ উপলক্ষে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আলোচনা ও বক্তব্য পর্বের আয়োজন করা হয়।

বাংলাদেশে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০৯ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে। বর্তমানে কারখানাটিতে প্রায় ১ হাজার ৩০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানে নিটিং, ডাইং, প্রিন্টিং, কাটিং, সুইং, ফিনিশিং ও গুণগত মান পরীক্ষাসহ উৎপাদনের বিভিন্ন ধাপ পরিচালিত হয়। কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা প্রায় ৮ লাখ টি-শার্ট। উৎপাদিত শতভাগ পণ্য জাপানের বাজারে রপ্তানি করা হয়।

বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মারুহিসা আটলান্টিক কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করে গ্রুপটি। নতুন কারখানায় সর্বোচ্চ ৪০০টি সেলাই মেশিন ও ১৩টি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মাসে সর্বোচ্চ ৩০ লাখ পিস পোশাক উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন কারখানার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের তৈরি পোশাকশিল্পে অবদান রাখার প্রত্যাশা করছে মারুহিসা গ্রুপ। জাপানের শিল্প অভিজ্ঞতা ও বাংলাদেশের দক্ষ জনশক্তির সমন্বয়ে ভবিষ্যতে এ দেশে ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।