News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মামলা দিয়ে আলেমদের হয়রানি করলে দুর্বার আন্দোলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৯:০৬ পিএম মামলা দিয়ে আলেমদের হয়রানি করলে দুর্বার আন্দোলন

উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী এবং সহ-সাধারণ সম্পাদক ও মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমী সহ আল-ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের মাসদাইর হলো কিশোরগ্যাং, ছিনতাই ও মাদকের আখড়া। এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আল-ফালাহ সমাজ কল্যাণ সংগঠন প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। যার ফলে এলাকায়ও মানুষের মধ্যে স্বস্তি কাজ করছিলো। প্রশাসনও তাদের এই কাজে সমর্থন জানিয়ে আসছিলো। গত ৪ জুলাই নিহত শীর্ষ সন্ত্রাসী সিজানকে কেন্দ্র করে মাসদাইরে যে ঘটনা ঘটেছে, এর সাথে স্থানীয় মসজিদের ইমাম বা আলেমদের কোনো সম্পর্ক ছিল না। অথচ একটি কুচক্রী মহল সমাজসেবক ও দ্বীনি ব্যক্তিত্বদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং মাদক ও অপরাধবিরোধী কণ্ঠরোধ করতে একটি সাজানো হত্যা মামলা দায়ের করেছে।"

উলামা পরিষদের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা সমাজকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করছেন, তাঁদেরকেই আজ খুনের আসামী করা হচ্ছে। এই অন্যায় কোনোভাবেই বরদাশত করা হবে না।

তারা বলেন, চিহ্নিত ছিনতাইকারী সিজানের দুর্ঘটনাজনিত মৃত্যুকে ঘিরে একটি মহল স্থানীয় ইমাম কাউসার কাসেমী, মুফতী আব্দুল গনী সহ আল-ফালাহ সদস্যদের ফাঁসাতে তাদের জড়িয়ে মিথ্যা মামলা করেছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্ত ছাড়াই অযথা আলেমদের এবং নিরীহ সমাজ কর্মীদের হয়রানি ও গ্রেফতার করা হলে নারায়ণগঞ্জের আলেম-উলামা ও সাধারণ জনতা ঘরে বসে থাকবে না। প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

বক্তারা অনতিবিলম্বে এই উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে নির্দোষ আলেম ও ইমাম সহ নির্দোষদের নাম প্রত্যাহারের দাবি জানান। অন্যথায়, আলেম সমাজ সর্বস্তরের তৌহিদী জনতাকে সাথে নিয়ে রাজপথে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।

উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুফতী আব্দুর রহীম, মাওলানা নোমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, উলামা পরিষদের মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, দফতর সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ ও মাওলানা আল-আমীন আনসারী প্রমুখ।