News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

লিগ্যাল এইড কার্যক্রমে প্যানেল আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধি সেমিনার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:৪৯ পিএম লিগ্যাল এইড কার্যক্রমে প্যানেল আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধি সেমিনার

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে লিগ্যাল এইড কার্যক্রমে প্যানেল আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে লিগ্যাল এইড কার্যক্রমে প্যানেল আইনজীবীরা অংশগ্রহণ করেন। সেই সাথে তাদের কি কি করণীয় এবং মামলা পরিচালনা করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় এসকল বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। একই সাথে আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ বলেন, প্যানেল আইনজীবীদের মূল দায়িত্ব হলো অস্বচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা মূল্যে মানসম্মত আইনি সেবা দেওয়া। লিগ্যাল এইডের সুবিধাভোগীরা সাধারণ দরিদ্র ও সামাজিকভাবে অনগ্রসর হয়ে থাকেন। তাই শুরুতেই তাদের সাথে সদয় ও সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। একই সাথে মামলার সুষ্ঠু বিচারের স্বার্থে প্রয়োজনীয় স্বাক্ষী আদালতে হাজির করা এবং উপযুক্ত তথ্য প্রমাণ উপস্থাপনে সচেষ্ট থাকতে হবে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।