News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

নাসিক মডেল মন্দির বানিয়ে দিবে, কর্তৃত্ব থাকবে মন্দির কমিটির হাতে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৮:৪৬ পিএম নাসিক মডেল মন্দির বানিয়ে দিবে, কর্তৃত্ব থাকবে মন্দির কমিটির হাতে

নগরীর দেওভোগ জিউস পুকুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী গৌর নিতাই আখড়া মন্দিরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে মডেল নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উক্ত মন্দিরের জায়গায় সিটি কর্পোরেশনের অর্থায়নে মডেল মন্দির নির্মাণ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিলো যা মঙ্গলবার ৭ জুলাই সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান এর সাথে হিন্দু নেতৃবৃন্দের মতবিনিময়ের মধ্যদিয়ে তার অবসান হয়েছে।

মতবিনিময়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান হিন্দু নেতৃবৃন্দদের স্পষ্ট জানিয়ে দেন যে, সিটি কর্পোরেশন থেকে শুধুমাত্র মডেল মন্দিরের জন্য কমপ্লেক্সটি তৈরি করে দেওয়া হবে। সিটি কর্পোরেশনের অর্থায়নেই এটি করা হবে। এই মন্দির অধিগ্রহণ বা মন্দিরের কর্তৃত নেওয়ার কোনো উদ্দেশ্য সিটি কর্পোরেশনের নেই। মন্দির পরিচালনা এবং কর্তৃক মন্দির কমিটির কাছেই থাকবে। সিটি কর্পোরেশন থেকে শুধুমাত্র মন্দিরের জন্য অবকাঠামোর কাজ করে দেওয়ার পর দায়িত্ব শেষ।

নাসিক প্রশাসকের এমন সিদ্ধান্তের কথা জেনে উপস্থিত হিন্দু নেতৃবৃন্দ সকলের এমন প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাখাওয়াত আরো বলেন, আমরা একটি অসম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গড়তে চাই। সেই উদ্দেশ্য থেকেই আমরা হিন্দু সম্প্রদায়ের জন্য একটি মডেল মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমরা জিউস পুকুরের সাথের মন্দিরটিকে নির্বাচন করেছি যাতে করে মডেল মন্দিরের পাশে জিউস পুকুর একটি দর্শনীয় স্থানে পরিণত হয়। এই পুকুরটি মন্দিরের সম্পত্তি ভবিষ্যতে যেন এই পুকুরটি আর দখল না হয়ে যায়।

এ সময় তিনি হিন্দু নেতৃবৃন্দদের অতিদ্রুত মন্দিরের ডিজাইন নাসিকে জমা দেওয়ার অনুরোধ করেন।

মতবিনিময় শেষে লিটন চন্দ্র পাল সাংবাদিকদের জানান, আমরা প্রায় ২ বছর আগে থেকেই গৌর নিতাই মন্দিরের উন্নয়নের জন্য কাজ করছিলাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান এগিয়ে এসেছেন, তিনি এখানে একটি মডেল নির্মাণ করে দিবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে পাশাপাশি তিনি বলেছেন এই মন্দিরের কর্তৃত্ব মন্দির কমিটির হাতে থাকবে, এতে করে আমরা সকলেই অত্যন্ত খুশি এবং এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত নারায়ণগঞ্জে অসাম্প্রদায়িকতার একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে শত শত বছর। আমরা সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে উনার সুন্দর ভবিষ্যত কামনা করছি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জয়কে রায় চৌধুরী বাপ্পি, বলদেব জিউর আখড়া মন্দিরের উপদেষ্টা শংকর সাহা, ননী গোপাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।