News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:০৯ পিএম আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক স্টেডিয়ামটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমল থেকে ক্রীড়া নিয়ে নানা পরিকল্পনা করছেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তিনি নতুন কুড়ি স্পোর্টস চালুর মধ্য দিয়ে দেশের তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ শুরু করেছেন।

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের মাদকমুক্ত সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। 

জাতীয় ক্রীড়া পরিষদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে অনেক ভাল ভাল খেলোয়ার আছে। কিন্তু তারা অর্থকষ্টে ঢাকায় কিংবা অন্যত্র যেয়ে প্র্যাকটিস করতে পারেনা। আমি নজরুল ইসলাম আজাদ বিএনপি ও প্রধানমন্ত্রী তারেকে রহমানের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।  

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব বলেন, মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে। এজন্য খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। আড়াই হাজারের বেশীরভাগ মানুষই অস্বচ্ছল। যেকারণে অনেক খেলোয়ার অবহেলিত। তাই আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো তিনি যাতে এ বিষয়ে খেয়াল রাখেন।