News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ভুল চিকিৎসার অভিযোগে বাড়ছে প্রাণহানি, নীরব প্রশাসন!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ১০:১১ পিএম ভুল চিকিৎসার অভিযোগে বাড়ছে প্রাণহানি, নীরব প্রশাসন!

নারায়ণগঞ্জের শহর-বন্দরের অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। এসব প্রতিষ্ঠানে চিকিৎসায় অবহেলা ও অনিয়মের অভিযোগে একের পর এক রোগীর মৃত্যু এবং স্বজনদের ভোগান্তির ঘটনা সামনে আসছে। অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগী পরিবারগুলো। এবার সিদ্ধিরগঞ্জে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সদের মাধ্যমে প্রসব করানোর অভিযোগে এক নবজাতকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রসূতি মা।

শহর ও বন্দরের বিভিন্ন অলিগলিতে গড়ে ওঠা বেসরকারি ক্লিনিকগুলোর চিকিৎসাসেবার মান, অনুমোদন এবং চিকিৎসক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুল চিকিৎসা, চিকিৎসকের অনুপস্থিতি, প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দেওয়া এবং রোগীর স্বজনদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ বাড়ছে।

সর্বশেষ গত ১০ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে প্রসবকালীন জটিলতার ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, চিকিৎসক উপস্থিত না থাকায় নার্সদের মাধ্যমে প্রসব করানোর চেষ্টা করা হয়। এ সময় যমজ সন্তানের মধ্যে একজন জন্মগ্রহণ করলেও অপর শিশুটির মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রসূতি সুরমা আক্তার (১৯)। পরে তাঁকে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হলে সিসিইউতে ভর্তি করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ করা হয়েছে। তবে হাসপাতালের ম্যানেজারও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।

এর আগে বন্দরের একটি বেসরকারি ক্লিনিকে নবজাতকের মৃত্যুর ঘটনায়ও চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। একের পর এক এমন ঘটনায় প্রশ্ন উঠছে, কীভাবে এসব ক্লিনিক ও হাসপাতাল পরিচালিত হচ্ছে? তাদের বৈধ অনুমোদন, চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা নিয়মিত তদারকি করা হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে।

অন্যদিকে চিকিৎসায় অবহেলার অভিযোগের পর অনেক ক্ষেত্রে নিহতের স্বজনদের অভিযোগ দায়ের, প্রশাসনের দ্বারস্থ হওয়া এবং বিচার চাওয়ার ক্ষেত্রে নানা ভোগান্তির অভিযোগ পাওয়া যায়। ফলে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

সচেতন মহলের দাবি, নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বেসরকারি ক্লিনিক-হাসপাতালগুলোর অনুমোদন যাচাই, চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত এবং চিকিৎসাসেবার মান পরীক্ষা করতে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে চিকিৎসায় অনিয়মের অভিযোগ পাওয়া গেলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।