News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

বিয়ের চাপ দেয়ায় পরকীয়া প্রেমিকের হাতে খুন হয় সাদিয়া 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:০৯ পিএম বিয়ের চাপ দেয়ায় পরকীয়া প্রেমিকের হাতে খুন হয় সাদিয়া 

বিয়ের জন্য চাপ দেয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্ট কর্মী সাদিয়া আক্তার পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

হত্যাকান্ডে জড়িত গ্রেফতার হওয়া পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিদর্শক মিন্টু কুমার। 

তিনি জানান, সিদ্ধিরগঞ্জে গার্মেন্টকর্মী সাদিয়া আক্তার (২৩) হত্যা মামলায় জড়িত আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে ২১ জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত ক্যাপ, নিহত সাদিয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের বিক্রি করা স্বর্ণালঙ্কারও উদ্ধার করে পিবিআই।

বুধবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধিরগঞ্জের আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়।

সংবাদ সম্মেলনে পিবিআই আরও জানায়, গত ১২ জুলাই সিদ্ধিরগঞ্জ ভাড়া বাসায় খুন হন গার্মেন্টস কর্মী সাদিয়া (২৩)। ঘটনার তদন্তে নিহত সাদিয়ার সাবেক স্বামী ইব্রাহিমকে ঘটনার ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আরও তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। 

তদন্তে জানা যায়,  নিহত সাদিয়া আক্তার তার স্বামী ইব্রাহিমের সঙ্গে বনাবনি না হওয়ায় তাকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিক আবদুর রাজ্জাক ওরফে আরিয়ানাকে স্বামী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। পরবর্তীতে আব্দুর রাজ্জাককে বিয়ের জন্য চাপ দিলে এ নিয়ে তর্ক বাঁধে। এর সূত্র ধরে ১২ জুলাই সাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় রাজ্জাক।