News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সাখাওয়াতের হাতে গুরুদায়িত্ব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:২০ পিএম সাখাওয়াতের হাতে গুরুদায়িত্ব

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরপিতা হওয়ার সুযোগ এসেছিলো বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের। ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন। ততদিনে তিনি সাত খুন মামলার বাদী পক্ষের আইনজীবী হিসেবে সারাদেশে আলোচিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। নির্বাচনে বেশ আলোচিত প্রার্থী হিসেবে হাজির হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন। 

এরপর ২০২২ সালের সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ থাকলেও দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়ান তিনি। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল মেয়র হওয়ার। তবে সেই স্বপ্ন পূরন হয়েছে এবার। তবে তা নির্বাচনের মাধ্যমে নয়, এবার সরকারিভাবেই সেই সুযোগের দুয়ার খুলেছে তার জন্য। তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মনোনীত করা হয়েছে। ফলে পরবর্তী নির্বাচন পর্যন্ত নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

তবে এই দায়িত্ব কোনোভাবেই সহজ নয়। শিল্পনগরী নারায়ণগঞ্জ বহু সমস্যায় জর্জরিত। নগরজুড়ে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, অপরিচ্ছন্ন সড়ক, সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, সড়কে স্থায়ী যানজট, পানি সরবরাহ নিয়ে বিস্তর অভিযোগ, নিয়ন্ত্রণহীন ইজিবাইক চলাচল এবং পরিবেশ দূষণ। এসব সমস্যা নাগরিকদের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেগুলো সমাধান করতে না পারায় সাবেক মেয়র আইভী তীব্র সমালোচনার শিকার হয়েছেন বিগত সময়। এছাড়া সিটি করপোরেশনের সেবা সংক্রান্ত সমস্যা তো আছেই। 

নগরবাসীর প্রত্যাশা, প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে সাখাওয়াত হোসেন খান দৃশ্যমান পরিবর্তন আনবেন। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি চালু করা এখন সময়ের দাবি। এছাড়া সিটি করপোরেশনের সেবা নিয়ে যেসব ভোগান্তির বিষয়গুলো রয়েছে, সেগুলোও সমাধান করতে এগিয়ে আসবেন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি প্রশাসনিক নিয়োগ নয় বরং দীর্ঘদিনের দলীয় আনুগত্য ও রাজনৈতিক সক্রিয়তার স্বীকৃতিও বটে। তবে রাজনৈতিক পুরস্কার হিসেবে পাওয়া দায়িত্ব এখন বাস্তবতার কঠিন পরীক্ষার মুখে। কারন এখানে ব্যার্থ হলে আগামী নির্বাচনে তা কাল হয়ে দাঁড়াবে। সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে বাজিমাত করবেন সিটি নির্বাচনে। আর ব্যার্থ হলে এর ফলাফল দেখা দিবে সিটি নির্বাচনেই। 

রাজনৈতিক বোদ্ধারা বলছেন, নগরপিতা হিসেবে সাখাওয়াত হোসেন খানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—জনআস্থার জায়গা তৈরি করা। কারণ নির্বাচিত মেয়র না হলেও প্রশাসক হিসেবে তার প্রতিটি সিদ্ধান্তই প্রভাব ফেলবে লাখো নগরবাসীর জীবনে। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের প্রত্যাশিত এই দায়িত্ব তিনি কতটা দক্ষতার সঙ্গে সামলাতে পারেন। সময়ই বলে দেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরপিতা হিসেবে তিনি কতটা সফল এবং কতটা যোগ্যতার প্রমাণ রাখতে পারেন। নগরপিতা সাখাওয়াতের কাধে এখন লাখো নগরবাসীর প্রত্যাশা পূরনের চাপ। সব মিলিয়ে বড় গুরুদায়িত্বই সামলাতে হবে তাকে।