News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জের সংস্কার অপরিহার্য


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফরিদ আহমেদ রবি প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৪০ পিএম নারায়ণগঞ্জের সংস্কার অপরিহার্য

অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন এবং ধারণক্ষমতার কয়েকগুণ জনসংখ্যার চাপে নারায়ণগঞ্জ বসবাসের অযোগ্য হতে চলেছে। উল্লেখিত কারণ সমূহ জেলাটিকে পরিবেশ দূষণের শীর্ষ পর্যায়ে পৌঁছে দিয়েছে। সটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদভুক্ত সব অঞ্চলই শিল্প বাণিজ্য এবং আবাসন সমৃদ্ধ হওয়ায় সমগ্র জেলাটি নগরীর দাবীদার হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। অনিয়ম, অব্যবস্থাপনা, গোষ্ঠী স্বার্থ এবং প্রশাসনিক অবহেলার কারণে জেলাটি সব ঐতিহ্য হারিয়ে ধীরে ধীরে নরকতুল্য হয়ে পড়েছে। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই জনপদটি সংস্কারেরও অযোগ্য হয়ে পড়বে। তখন কপাল চাপড়ালেও কোন কাজ হবে না। এমন বেহাল অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ পুরো নারায়ণগঞ্জকে কেন্দ্র করে যুগোপযোগী উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন। যার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার, পুনর্গঠন, অবকাঠামো নির্মাণ সম্পন্ন হবে। পরিকল্পনাবিহীন যে কোন অবকাঠামো নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা না গেলে শিল্পকারখানা সহ ইট পাথরের জঞ্জাল তথ্য মৃত জনপদে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না। এক সময়ের সবচেয়ে সমৃদ্ধ জনপদটি রক্ষা করতে যে সংস্কার প্রয়োজন কাল বিলম্ব না করে তা শুরু করার এখনই সময়।

সঠিক পরিকল্পনা অনুযায়ী দৃষ্টি নন্দন, পরিবেশ বান্ধব, বসবাস উপযোগী নারায়ণগঞ্জ গড়ে তুলতে বর্তমান মূল শহর সম্প্রসারনের কোন বিকল্প নেই। শহর সম্প্রসারন সহ কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে বন্দরের অন্তর্ভুক্তি অপরিহার্য হয়ে পড়েছে, কারণ পশ্চিম পাড়ে সে সুযোগ আর অবশিষ্ট নেই। নারায়ণগঞ্জ পৌরসভা ১৮৭৬ সালের ৮ সেপ্টেম্বর বন্দরের কিছু অংশ নিয়ে কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশনে উন্নীত হয় ২০১১ সালের ৫ মে। ধীরে ধীরে পৌরসভার পরিধি বেড়েছে, বন্দর এলাকায়ও নতুন নতুন অঞ্চল পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে। পৌরসভার অন্তর্ভুক্ত হলেও বন্দরের অনেক অঞ্চল প্রাপ্য নাগরিক সুবিধার কোনটিই পুরোপুরি ভোগ করতে পারেনি বরং যে সমস্ত সুবিধা বহাল ছিল তাও ধীরে ধীরে অবলুপ্ত হয়েছে। পৌরসভার অধিকাংশ উন্নয়নকর্ম নদীর পশ্চিম তীরকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। সিটি কর্পোরেশনে রূপান্তরিত হওয়ার পর প্রধান সড়কটি প্রশস্তকরণ ছাড়া বন্দরবাসী সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে বাড়তি কোন সুবিধা এখনো পায়নি। জেলা শহর বলতে নদীর পশ্চিমাঞ্চলকেই বোঝানো হয়। সিটি কর্পোরেশন যেহেতু জেলা শহরের অন্তর্ভুক্ত সে হিসেবে বন্দর অঞ্চলও জেলা শহরের অন্তর্ভুক্ত। অথচ সবকিছু পশ্চিম তীরমুখী হওয়ায় বন্দর সব সময় উপেক্ষিত থেকে গেছে। নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন এবং বৃহত্তর স্বার্থে সময় এসেছে বন্দরের দিকে নজর দেয়ার। শহর সম্প্রসারন অত্যন্ত জরুরি এবং সেক্ষেত্রে বন্দর অপরিহার্য  হয়ে পড়েছে। জগৎ বিখ্যাত হোসিয়ারি শিল্পের বিকাশ বন্দরেই ঘটে, পরবর্তীকালে নয়ামাটিতে স্থানান্তরিত হয়। পাট শিল্পের জন্য প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের পাট শিল্প কারখানার প্রায় ষাট ভাগ বন্দর অঞ্চলেই অবস্থিত ছিল। দেশের প্রথম মেরিন শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম এবং প্রধান সরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান, একমাত্র ডেক প্রশিক্ষণ কেন্দ্র বন্দরে অবস্থিত। এমন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নদীর পূর্বপাড়ে অবস্থিত। আধুনিক নারায়ণগঞ্জ বিনির্মাণে প্রয়োজনীয় নতুন অবকাঠামো বন্দরে নির্মিত হলে তা পশ্চিম পাড়কে চাপমুক্ত করে শহরের পরিধি বাড়াবে, যা হবে বাসযোগ্য আধুনিক শহর গড়ার প্রধান নিয়ামক। দেশের সবচেয়ে উন্নত, সমৃদ্ধ সিটি কর্পোরেশন অথবা জেলা শহর হওয়ার সব উপাদান থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ থমকে আছে নির্দিষ্ট গন্ডীতে। যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জের প্রতিটি এলাকা আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত, বসবাস উপযোগী, শিল্প বান্ধব অঞ্চলে পরিণত হতে পারে। বন্দরের পূর্বপ্রান্তে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকা পর্যন্ত শহর সম্প্রসারনের সুযোগ রয়েছে। মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পর্যন্ত সড়কটি মহাসড়কে ঊন্নীত হচ্ছে যা জাতীয় এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করার দ্বারপ্রান্তে। এক্ষেত্রে কদম রসুল সেতুর দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি, যার মাধ্যমে দুই পাড়ের বিভাজন দূর হবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবেশ বান্ধব শিল্পায়ন এবং আবাসন সুবিধা বৃদ্ধি করে সুন্দর, সমৃদ্ধ অঞ্চল হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলা সম্ভব। শিল্প-বাণিজ্য সমৃদ্ধ নারায়ণগঞ্জ সারা দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থেই নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন প্রয়োজন। উন্নয়ণের স্বার্থে প্রয়োজন যুগোপযোগী সংস্কার। প্রয়োজনীয় সংস্কার শুরুর জন্য হাতে আর সময় নেই, যা করার তা অনতিবিলম্বে করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় দিন গুনছেন সমগ্র নারায়ণগঞ্জবাসী।

লেখকঃ বহুজাতিক ওষুধ কোম্পানী ও পোশাক শিল্পের সাবেক শীর্ষ কর্মকর্তা