আগামী সাত দিনের মধ্যে নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী সকল বাস এবং ট্রাক থেকে হাইড্রোলিক হর্ণ অপসারণ করে নারায়ণগঞ্জকে হাইড্রোলিক হর্ণমুক্ত শহর বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার ২১ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নের লক্ষ্যে সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক রায়হান কবিরের এমন সিদ্ধান্তের সাথে নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দরাও একমত হয়েছেন।
সভায় জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জে শব্দ দূষণ রোধে যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ অপসারণের বিষয়টি উপস্থাপন করলে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী বলেন আগামী সাতদিনের মধ্যে নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী সকল বাস থেকে পর্যায়ক্রমে হাইড্রোলিক হর্ণ অপসারণ করে নেওয়া হবে। তার এমন বক্তব্যে একমত পোষন করেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দিন।
পরে জেলা প্রশাসক রায়হান কবির বাস মালিকদের উদ্দেশ্যে বলেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস মালিক সমিতিকে বিশেষ ধন্যবাদ প্রদান করা হবে। সেই সাথে দেশের প্রথম হাইড্রোলিক হর্ণ মুক্ত নগরী হিসেবে প্রধানমন্ত্রীকে লিখিত হিসেবে বিষয়টি জানানো হবে।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


































আপনার মতামত লিখুন :