অর্জিত ছুটি, উৎসব ভাতা বৃদ্ধি এবং হাজিরা বোনাস সহ ১১ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠান আনোয়ারা স্টাইলস লিমিটেড এর শ্রমিকেরা।
শনিবার ২৫ জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর হাজীগঞ্জ কিল্লারপুল এলাকায় নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখায়। এতে এ সড়কটিতে নিয়মিত চলাচল করা যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
শ্রমিকদের অভিযোগ, অভিযোগ তাদেরকে ঈদ বোনাস হিসেবে ৩৫০০ টাকা করে দেওয়া হয়। সেটাকে মোট বেতনের অর্ধেক করে দিতে হবে। এছাড়াও গত ৩ বছর যাবত আনোয়ারা গ্রুপের গাজীপুরের কারখানায় শ্রমিকদের হাজিরা বোনাস প্রদান করা হচ্ছে কিন্তু নারায়ণগঞ্জে সেটা এ বছর থেকে চালু করা হলেও তা অনেক কম দেওয়া হচ্ছে এবং যতটুকুই দেওয়া হচ্ছে তার অর্ধেক তারা রেখে দিচ্ছে বলা হচ্ছে সার্ভিস চার্জ পরিশোধের সময় দেওয়া হবে।
তবে মালিক পক্ষের দাবি শ্রম আইন মেনেই শ্রমিকদের সকল পাওয়া পরিশোধ করা হচ্ছে। হাজিরা বোনাস প্রদানের কোনো আইন এটা মালিকপক্ষের ইচ্ছের উপর নির্ভর করে। গাজীপুরে যেভাবে দেওয়া হচ্ছে সেটা নারায়ণগঞ্জের এই কারখানা থেকে দেওয়া সম্ভব নয়।
মালিক ও শ্রমিকদের এ সমস্যা সমাধানে কারখানার ভেতরে বিকেএমইএ প্রতিনিধি, মালিক প্রতিনিধি, শিল্প পুলিশ, কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ এবং শ্রমিক প্রতিনিধি এবং শ্রমিক নেতারা দীর্ঘ সময় আলোচনা করেও অর্জিত ছুটি এবং উৎসব ভাতার ব্যাপারে একমত হতে পারলেও হাজিরা বোনাসের ক্ষেত্রে একমত হতে না পারায় আলোচনা ব্যর্থ হয়।
এ সময় শ্রমিক নেতা ইকবাল শ্রমিকদের উদ্দেশ্যে তাদের দাবির কথা লিখিত আকারে কল-কারখানা অধিদপ্তরে জমা দেওয়ার পরামর্শ দেন এবং কল-কারখানা অধিদপ্তরের মাধ্যমে জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিষয়টি সুষ্ঠু সমাধানে পৌছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে শ্রমিকেরা প্রথমে এই সিদ্ধান্তকেও নাকোচ করে দিয়ে তাদের আন্দোলন অব্যাহত রেখে সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে বিকেল চারটার দিকে শিল্প পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবারও একই দাবিতে কর্মবিরতি দিয়ে কারখানাটির সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। এই সময় কারখানার মালিকপক্ষ শ্রমিকদের ভয়-ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। ওইদিন বিক্ষোভের সময় এক ব্যক্তি শ্রমিকদের সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয় দেখান বলেও জানান একাধিক শ্রমিক।
এ কারখানার শ্রমিকরা রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইকবাল।
এ ব্যাপারে কারখানাটির মালিক পক্ষে বক্তব্য জানার চেষ্টা করা হলে গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।



































আপনার মতামত লিখুন :