News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

ডুয়েলগেজ বাস্তবায়নে কেন্দ্রীয় স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৮:২৩ পিএম ডুয়েলগেজ বাস্তবায়নে কেন্দ্রীয় স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়নে কেন্দ্রীয় রেলস্টেশন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার ৩১ জুলাই ছুটির দিনেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, এখানে ডাবল লাইনের কাজের জন্য অবৈধ দখলদারদের বার বার বলার পরও তারা জায়গা ছাড়ছিলোনা। তাই আজকে তাদের স্থাপনা ভেঙে দিয়ে উচ্ছেদ করা হচ্ছে। দ্রুত এখানে ডাবল লাইন বসানোর কাজ শুরু হবে।

তিনি আরো জানান, প্রকল্পটি দীর্ঘদিন বন্ধ ছিল, এখন নতুন করে খুব দ্রুত গতিতে ডাবল লাইনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তথমতে কাজ শুরু হয়েছিল প্রায় ৯ বছর আগে। দুই বছর মেয়াদী প্রকল্পটির দীর্ঘ সময়ে কাজ হয়েছে খুব ধীরগতিতে

রেলওয়ে কর্তৃপক্ষ জানায় , ২০১৭ সালে ৩৭৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। শুরুর পরিকল্পনায় ছিল পাঁচটি নতুন স্টেশন ভবন ও প্ল্যাটফর্ম, একটি অফিস কাম স্টেশন ভবন, ১১টি ব্রিজ ও কালভার্ট, চারটি পথচারী সেতু, সীমানা প্রাচীর এবং দুটি ওয়াশপিট নির্মাণ। প্রকল্প অনুমোদনের সময় ২০১৭ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হয়। কিন্তু কাজ শেষ না হওয়ায় ২০২০ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এরপর তৃতীয় দফায় ২০২১ সালের জুন এবং চতুর্থ দফায় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। দীর্ঘ ৮ বছরেও এসব স্থাপনার একটিও পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি। শেষ পর্যন্ত ২০২৩ সালের ১৫ মার্চ চায়না পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না কাজ অসমাপ্ত রেখেই প্রকল্প ত্যাগ করে। সেই সময় পর্যন্ত কাজের অগ্রগতি ছিল মাত্র ৪৭ দশমিক ৫ শতাংশ।